নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার নন্দীগ্রাম থেকে কলকাতা পর্যন্ত জোড়া সরকারি বাসের সূচনা করলেন সেচমন্ত্রী অরূপ দাস। এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে ওই পরিষেবার সূচনা হয়। আজ, বুধবার থেকে সকাল সাড়ে ৬টা এবং ৮টা ২০মিনিটে দু’টি সরকারি বাস কলকাতার উদ্দেশে ছাড়বে। যদিও নন্দীগ্রাম থেকেই জোড়া সরকারি বাস পরিষেবা আগে থেকেই ছিল। তাহলে কেন নতুন করে এই পরিষেবার উদ্বোধন হল তা নিয়ে অনেকের ধন্দ কাটছে না। প্রতিদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে সকাল ৬টা ১৫মিনিট এবং সকাল ৮টা ৫মিনিটে দু’টি সরকারি বাস কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। সোমবার পর্যন্ত ওই সার্ভিস চালু ছিল।
নন্দীগ্রাম নাগরিক মঞ্চের সদস্য মনোজ দাস বলেন, নন্দীগ্রাম থেকে কলকাতা যাওয়ার জোড়া এসবিএসটিসি বাস পরিষেবা আগে থেকেই চালু রয়েছে। তারপরও নতুন করে কেন উদ্বোধন হল বুঝতে পারছি না। অনেকের ধারণা ছিল, জোড়া সরকারি বাসের সঙ্গে আরও এক জোড়া বাস যুক্ত হল। কিন্তু, আসলে সেটা নয়। আগের মতোই এক জোড়া বাস চলাচল করবে।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, আগের মতোই এক জোড়া সরকারি বাস নন্দীগ্রাম থেকে কলকাতা পর্যন্ত চলাচল করবে। আগের টাইম টেবিলের সঙ্গে নতুন টাইম টেবিল একটু হেরফের হয়েছে। সকাল সাড়ে ৬টা এবং সকাল ৮টা ২০মিনিটে বাস দু’টি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে কলকাতার উদ্দেশে ছাড়বে।-নিজস্ব চিত্র