পাচারের আগে উদ্ধার ১২টি গবাদি পশু, গ্রেপ্তার ট্রাকচালক
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১৬:৪৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে পুলিশের তৎপরতায় উদ্ধার হল ছোট-বড়ো মিলিয়ে ১২টি মহিষ। পুলিশের চোখে ধুলো দিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হল না চালকের। অবশেষে ময়নাগুড়ির টোল প্লাজার সামনে পুলিশের হাতে ধরা পড়ল মহিষ বোঝাই গাড়িটি। এই ঘটনায় সনু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তদন্তকারী দল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে ময়নাগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। উত্তরপ্রদেশের নম্বরযুক্ত একটি গাড়িতে করে মহিষ নিয়ে অসমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। খবর পেয়েই ঝাঝাঙ্গী এলাকায় নজরদারি শুরু করে পুলিশের একটি দল। সেই সময় সন্দেহজনক গাড়িটিকে দেখতে পেয়ে থামানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে ওই গাড়িটি। এরপরই গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশের দল। অবশেষে ময়নাগুড়ির টোল প্লাজার সামনে গিয়ে আটকে পড়ে মহিষ বোঝাই গাড়িটি। এরপর গাড়িটি আটক করার পর চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। তাঁর কথাবার্তায় অসংগতি ধরা পড়তেই গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় ছোট-বড়ো মিলিয়ে মোট ১২টি মহিষ। এরপরই সনু নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।