কর্ণাটকের সাইবার প্রতারণা চক্রে নাম জড়াল শান্তিপুরের
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রানাঘাট: লোন পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রায় ১৫ জন মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো হয়। এরপর সেই অ্যাকাউন্টগুলির যাবতীয় নথিপত্র নিজেদের কব্জায় নিয়ে লক্ষ লক্ষ টাকার সাইবার প্রতারণা চালানোর চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় শান্তিপুরের রামনগরপাড়া এলাকা। এই প্রতারণার ঘটনায় নাম জ‌঩‌঩ড়িয়েছে স্থানীয় যুবক গৌতম মহলদারের। শনিবার গৌতম মহলদারকে জিজ্ঞাসাবাদের জন্য শান্তিপুর থানায় নিয়ে আসা হলে সে ১৫ দিনের মধ্যে কর্ণাটকে গিয়ে সেখানে পুলিশের কাছে টাকা দিয়ে আসবে বলে জানায়। পরবর্তীতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গৌতমকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

প্রতারিত এক মহিলা আরতি বিশ্বাসের কথায়, ২০২৩ সালে রামনগর মাঠপাড়ার তাঁদের সহজ শর্তে বা সরকারি প্রকল্পের লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল  প্রতিবেশী যুবক গৌতম। সেই টোপে পা দিয়ে মহিলারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে রাজি হন। অভিযোগ, অ্যাকাউন্ট খোলার পরই কৌশলে ব্যাংক পাশ বই, এটিএম কার্ড, চেক বই এবং অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র নিজেদের কাছে রেখে দেয় গৌতম। বিনিময়ে প্রত্যেক মহিলাকে নগদ ২০০০ টাকা করে দেওয়া হয়েছিল। সরল বিশ্বাসে সেই টাকা নিয়ে নিশ্চিন্তেই ছিলেন মহিলারা।
কিন্তু বিপদের আঁচ মেলে যখন কর্ণাটক থেকে ওই মহিলাদের নামে প্রথম পুলিশি নোটিস পৌঁছায়। নোটিস পেয়ে রীতিমতো হকচকিয়ে যান তাঁরা। বিষয়টি নিয়ে মহিলারা গৌতম মহালদারের দ্বারস্থ হলে, সে তাঁদের আশ্বস্ত করে জানিয়েছিল যে বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই। মামলা মিটিয়ে দেওয়ার নাম করে প্রত্যেকের থেকে ১ হাজার টাকা করে হাতিয়ে নেয় ওই যুবক। কর্ণাটক পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ভারতের ওই রাজ্যের এক বাসিন্দার প্রায় ৪০ লক্ষ টাকা সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, প্রতারণার সেই বিপুল অংকের টাকাই এই মহিলাদের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টগুলির মাধ্যমে লেনদেন করা হয়েছে! কর্ণাটক পুলিশের উপস্থিতিতে এরপরই নিজেদের প্রতারিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয় মহিলাদের কাছে।