Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অবসরের পর গল্ফে মজেছেন নাদাল

অবসরের পর গল্ফে মজেছেন নাদাল
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

প্যারিস: শেষ ছ’মাস টেনিস র‌্যাকেট স্পর্শ করেননি। অবসরের পর গল্ফ স্টিকেই মজেছেন রাফায়েল নাদাল। পাশাপাশি হোটেল ব্যবসা ও নিজস্ব অ্যাকাডেমি নিয়ে তুমুল ব্যস্ত টেনিস কিংবদন্তি। দম ফেলার সময়ও নেই। তারই মধ্যে সময় দিচ্ছেন পরিবারকে। আসলে ম্যারাথন টেনিস কেরিয়ারে পায়ের নীচে সর্ষে দিয়ে চষে বেড়িয়েছেন সার্কিট। পেশাদার টেনিসে জায়গা ধরে রাখা সত্যিই চ্যালেঞ্জিং। দীর্ঘ অনুশীলন, চোট-আঘাত, রিহ্যাবের ধকল তো রয়েইছে। তাই টেনিস ছাড়ার পর সেভাবে কোর্টমুখো হননি নাদাল। রবিবার, ফরাসি ওপেনের উদ্বোধনে ফের রোলাঁ গারোয় পা রেখেছিলেন ক্লে কোর্টের সম্রাট। অনুরাগীদের অভিবাদন গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ১৪ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। নানা প্রশ্নের খোলামেলা উত্তরও দেন প্রাক্তন টেনিস তারকা। 

Advertisement

লাল সুরকির কোর্টে নাদালই নায়ক। অবসরের পরেও তাঁকে ঘিরে জনপ্রিয়তা তুঙ্গে। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরেও প্রবল উন্মাদনা। হিড়িক সামলাতে বসাতে হয় জায়ান্ট স্ক্রিন। নাদালের মন্তব্য, ‘গত কয়েক মাসে নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি। সত্যিই অন্য অনুভূতি।’ টেনিসকে মিস করেন না? সঞ্চালকের এমন প্রশ্নে মুচকি হেসে নাদালের জবাব, ‘দেখুন, টেনিস কোর্ট আমায় উজাড় করে দিয়েছে। প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ। বাস্তবকে অস্বীকার করা যায় না। তাই বিদায় নিয়ে কোনও আক্ষেপ নেই।’ রাফা নিশ্চিত, খুব তাড়াতাড়ি নতুন তারকার উত্থান দেখবে রোলাঁ গারো। শূন্যস্থান পড়ে থাকবে না। কিন্তু আইফেল টাওয়ারের শহর জানে, আরও একটা নাদাল চট করে পাওয়া যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ