সিভিকদের নিয়োগ বৈধ কি না, যাচাই করতে নবান্ন নথি চাইবে তাঁদেরই কাছে
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিভিকদের নিয়োগ আইন মেনে কি না জানতে তাঁদের কাছ থেকে চাওয়া হবে কল লেটার, নিয়োগপত্রসহ বিভিন্ন নথি। কবে নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল তা খতিয়ে দেখবেন পুলিশ কর্তারা। এখান থেকেই তাঁরা বের করতে চাইছেন নিয়ম ভেঙে নিযুক্ত সিভিকের সংখ্যা কত রাজ্যে। তার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের পথে যেতে চাইছে নবান্ন।

Advertisement

তৃণমূল আমলে রাজ্যে সিভিক নিয়োগ শুরু হয়। রাজ্য পুলিশ সূত্রে খবর, ২০১১-তে শুরুর সময় সিভিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় পূর্বতন সরকার। আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য আসে কল লেটার। ইন্টারভিউতে  উত্তীর্ণ প্রার্থীদের দেওয়া হয়েছিল নিয়োগপত্র। এরপর থেকেই আইনকানুন লাটে তুলে দেয় তৃণমূল সরকার। 
সূত্রের খবর, বিভিন্ন জেলার বিধায়ক, সাংসদ ও তৃণমূলের জেলা সভাপতিরা সিভিক নিয়োগের জন্য তালিকা তৈরি করে পাঠাতেন পুলিশ সুপার বা শীর্ষ কর্তাদের কাছে। নিয়োগের জন্য বিজ্ঞাপনও দেওয়া হত না। কোনো ইন্টারভিউ না দিয়েই তাঁরা সিভিক হিসেবে কাজে ঢোকেন। চুক্তিভিত্তিক কর্মী হলেও তাঁদের কোনো ধরনের নিয়োগপত্রই দেওয়া হয়নি।
নিছক তৃণমূলের এমপি, এমএলএদের সুপারিশে কারা কারা সিভিকে ঢুকেছেন সেটাই চিহ্নিত করতে চাইছে বর্তমান সরকার। সেই কারণে বিভিন্ন জেলা ও কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটে যে-সমস্ত সিভিক কর্মরত রয়েছেন তাঁদের কাছে নথি চাওয়া হবে। কর্তারা মিলিয়ে দেখবেন তাঁদের নিয়োগ সুপারিশের ভিত্তিতে নাকি সমস্ত কিছু নিয়ম মেনে হয়েছে। তবে সুপারিশে কাজে ঢোকা সিভিকদের কোনো নথি নেই বলেই জানা গিয়েছে।  যদি নথি জমা দিতে না-পারেন তাহলে তাঁদের ভবিষ্যৎ বড়োসড়ো প্রশ্নের মুখে পড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।