২৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজের গ্রামে ফিরে আসতে এসএমএস পাঠাচ্ছে নবান্ন
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য। সেই লক্ষ্যে প্রায় ২৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে এসএমএস পাঠিয়ে ‘নিজের গ্রামে’ ফিরে এসে ‘১২৫ দিনের কাজ’-এ যোগ দেওয়ার আবেদন করছে রাজ্য সরকার। শুধু তাই নয়, চিহ্নিত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড বা জবকার্ড পৌঁছে দিতেও বিশেষ অভিযান শুরু করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ইতিমধ্যে রাজ্যের শ্রমদপ্তরের হাতে এসেছে ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন পরিযায়ী শ্রমিকের তথ্য। সেই তথ্য কাজে লাগিয়ে পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও ‘ভিবি জি রাম-জি’ প্রকল্পের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্যের তরফে। 

Advertisement

সূত্রের খবর, রাজ্য সরকারের পাঠানো এসএমএসে বলা হচ্ছে, ‘ভিবি জি রাম-জি প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ১ জুলাই থেকে রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। বছরে ১২৫ দিন কাজের সুযোগ রয়েছে। দৈনিক মজুরির ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের ৩০০ টাকা, অর্ধদক্ষ শ্রমিকদের ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকদের ৬০০ টাকা পর্যন্ত মজুরি দেওয়া হচ্ছে। রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের নিজের গ্রামে ফিরে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের মাধ্যমে কাজের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।’ কার্ড না থাকলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে আবেদন করার কথাও বলে দেওয়া হচ্ছে। রাজ্যের পদস্থ এক কর্তা জানিয়েছেন, শীঘ্রই পরিযায়ী শ্রমিকরা এসএমএস পেতে শুরু করবেন। তবে একবার এই বার্তা পাঠিয়ে থেমে যাওয়া হবে, এমনটা নয়। ১৫ দিন পর ফের এসএমএস পাঠানো হবে। এভাবে আগামী কয়েক মাস ধরে চলবে এই প্রক্রিয়া।       
অন্যদিকে, গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড পাওয়ার যোগ্য প্রতিটি পরিবারের হাতে কার্ড তুলে দিতে নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দপ্তর। দ্রুত এই কাজ সম্পূর্ণ করতে জেলা প্রশাসনকে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের পরিবারকে প্রকল্পের আওতায় আনলে তাঁদের পুনরায় গ্রামোন্নয়নের কাজে যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে তাঁদের জীবিকার নিরাপত্তা বাড়বে এবং বাধ্য হয়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে যাওয়ার প্রবণতাও কমানো যাবে। শুধু কার্ড প্রদান নয়, কার্ড থাকা সত্ত্বেও যেসব পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা কাজ পাননি, জেলা প্রশাসনকে তাঁদের হাতে কাজ দেওয়ার ব্যবস্থা করতে বলেছে দপ্তর। জেলাগুলিকে আগামী ২০ নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। 
শ্রমদপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের ২২টি জেলার মধ্যে মুর্শিদাবাদে ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন এবং মালদহে ২ লক্ষ ৮৬ হাজার ৩২৯ জন পরিযায়ী শ্রমিক চিহ্নিত হয়েছেন। পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ ৬৮ হাজার ৫৭০, নদীয়ায় ১ লক্ষ ৬১ হাজার ৯০৮ এবং পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ৫৭ হাজার ৩৭৬ জন পরিযায়ী শ্রমিকের বাড়িতে জব কার্ড পাঠানোর টার্গেট বেঁধে দেওয়া হয়েছে।