নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দপ্তরগুলির বিভিন্ন কাজে আইআইটি, আইআইএম-সহ নামী সরকারি শিক্ষা-গবেষণা সংস্থাগুলিকে যুক্ত করার জন্য নীতি তৈরি করল রাজ্য সরকার। অর্থদপ্তর এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নীতিপ্রণয়ন সংক্রান্ত সাহায্য, গবেষণা-সমীক্ষা, কারিগরি সহায়তাসহ নানাধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগে ওই প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগাতে পারবে সরকারি দপ্তরগুলি। সরকারি দপ্তরের অধীনস্থ ডিরেক্টরেট-সহ অন্যান্য অফিস এবং সরকারি স্বশাসিত সংস্থাগুলিও এই সুবিধা নিতে পারবে। কেন্দ্র বা রাজ্য সরকারের আর্থিক অনুদানে চলা শিক্ষা-গবেষণা সংস্থাগুলিকেই শুধু এই প্রক্রিয়ায় যুক্ত করা যাবে। এর মধ্যে আইআইটি, আইআইএম, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিসিয়াল সায়েন্স-সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলির সাহায্য নেওয়া যাবে। কোনো কাজের জন্য দপ্তরগুলি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত নিজেরাই অনুমোদন করতে পারবে। এর থেকে বেশি খরচের জন্য অর্থদপ্তরের কাছ থেকে বিশেষ অনুমোদন নিতে হবে। সরকারি দপ্তরগুলিকে কীভাবে এই প্রক্রিয়াটি করতে হবে তা নির্দিষ্ট করে দিয়েছে অর্থদপ্তর। প্রথমে যেসব প্রতিষ্ঠানকে কোনো কাজে যুক্ত করা যেতে পারে তাদের একটি প্যানেল তৈরি করতে হবে। প্রতিষ্ঠানগুলির ওই ধরনের কাজ করার যোগ্যতা, অভিজ্ঞতা, বিশেষত্ব প্রভৃতি যাচাই করে যে প্যানেল তৈরি হবে সেটির অনুমোদন করবেন দপ্তরের প্রধান। কোনো কাজের দায়িত্ব দেওয়ার আগে প্যানেলভুক্ত প্রতিষ্ঠানগুলির কাছ থেকে প্রস্তাব চাইতে হবে। খরচ, দক্ষতাসহ বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলির প্রস্তাব যাচাইয়ের মাধ্যমে বাছাই করতে হবে। বাছাই করার জন্য বিশেষ কমিটি গঠন করতে হবে দপ্তরকে। তিনটির কম প্রতিষ্ঠান থেকে প্রস্তাব এলে নতুন করে ডাকের প্রক্রিয়া করতে হবে। তারপরেও একটি বা দু’টি প্রতিষ্ঠান থেকে প্রস্তাব এলে তা বিবেচনা করে দপ্তরের প্রধানকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।



