মুম্বই: স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে রহস্য দানা বাঁধছে। আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত তা। বিয়ের দিনই স্মৃতির বাবা বুকের ব্যথায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পলাশের দিদি, গায়িকা পালক মুচ্ছল গণমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন যে, স্মৃতির বাবার অসুস্থতার জন্যই পিছিয়ে গিয়েছে বিয়ে। গত সোমবার পলাশও অ্যাসিডিটি ও অন্য সমস্যায় ভর্তি হন হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ভাইকে হাসপাতালে গিয়ে দেখে আসেন পালক। কিন্তু স্মৃতি বা তাঁর পরিবারের কেউ আসেননি। এই আবহেই নতুন জল্পনা শুরু। পলাশ নাকি স্মৃতিকে প্রতারণা করেছেন, এমন গুঞ্জন জোরদার। সোশ্যাল মিডিয়ায় মেরি ডি’কোস্টা নামে একজন পলাশের সঙ্গে তাঁর ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, মেরি ডি’কোস্টাকে একসঙ্গে সাঁতার কাটার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন পলাশ। একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। ওই চ্যাটে পলাশের দাবি, স্মৃতিকে ‘ডেট’ করা কষ্টকর, কারণ খেলার জন্য প্রায়ই দূরে থাকেন তারকা ক্রিকেটার। এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। যদিও তার সত্যতা যাচাই করা যায়নি। তবে পেশায় কোরিওগ্রাফার মেরি ডি’কোস্টা তাঁর প্রোফাইল থেকে সব ছবি মুছে ফেলেছেন।



