সংবাদদাতা, চাঁচল: গুরুগ্রামে কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু হল মালদহের পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শাহেনশা (৪২)। চাঁচল-১ ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের হাজাতপুর গ্রামের বাসিন্দা তিনি। ১৬ বছর ধরে গুরুগ্রামে সপরিবারে থাকতেন এই ব্যক্তি। সেখানকার একটি বহুতলে হাউস কিপিংয়ের কাজ করতেন শাহেনশা। সম্প্রতি ভিনরাজ্য ও দিল্লিতে বাংলাভাষী শ্রমিকদের হেনস্তার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। গ্রামে পরিবারের পরামর্শ নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। রবিবার ট্রেনের টিকিটও কেটেছিলেন। কিন্তু তাঁর আগে গ্রামে মৃত্যু সংবাদ পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কর্মস্থল থেকে শাহেনশার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেখানে নাকি সিঁড়ি বা ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবার জানতে পেরেছে। পরিবারের দাবি, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।



