কান্দির বিভিন্ন গ্রামে পালিত মুঠ আনা উৎসব, প্রস্তুতি নবান্নেরও
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: ধান কাটার ক্ষেত্রে কম্বাইন হারভেস্টর ব্যবহার হলেও হারিয়ে যায়নি ‘মুঠ আনা’ উৎসব। কার্তিক সংক্রান্তির শেষে মঙ্গলবার সূর্য ওঠার আগেই কান্দি মহকুমার গ্রামগুলিতে এই উৎসব দেখা গিয়েছে। সূর্য ওঠার আগেই নিজের ধানের জমিতে হাতে কাস্তে, শঙ্খ আর গঙ্গাজলের ঘটি নিয়ে হাজির হয়েছিলেন চাষিরা। আর ‘মুঠ আনা’ উৎসবের পরেই প্রস্তুতি শুরু হয়ে গেল নবান্নের।

Advertisement

প্রবীনদের সূত্রে জানা গিয়েছে, বহুবছর ধরে মহকুমা জুড়ে এই কৃষিভিত্তিক লোকাচার প্রচলিত। এই প্রকার উৎসবের মূল উদ্দেশ্য হল, নতুন ফসলের আগমনে যেন সংসারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। অনেক গ্রামে আবার একে ‘ধানের আগ আনা’ উৎসবও বলা হয়। কৃষি ভিত্তিক কান্দি মহকুমা এলাকায় এই উৎসব বহুল প্রচলিত।
হরিশ্চন্দ্রপুরের পাগল চন্দ্র মণ্ডল, জজান গ্রামের মনমত মণ্ডল, সুন্দিপুরের সন্ন্যাসী মাঝি, মালতিপুরের অনিল মাঝি প্রমুখরা জানিয়েছেন, এই উৎসব কার্তিক সংক্রান্তির শেষ রাত পেরোনোর পর অথবা অগ্রহায়ণের প্রথমদিনে করা হয়। এদিন সূর্য ওঠার আগেই চাষিরা স্নান করে নতুন বা কাচা কাপড় পরেন। গলায় গামছা জড়িয়ে নিজের ধানের জমিতে চলে যান। সঙ্গে নেন এক ঘটি গঙ্গাজল, শঙ্খ আর কাস্তে। এরপর ধানের জমিতে পৌঁছে গঙ্গাজল গাছের গোড়ায় ছড়িয়ে দেন। পরে এক আঁটি ধান কেটে গলার গামছায় জড়িয়ে ফেলেন। এরপর সেটি মাথায় করে বাড়ির দিকে শঙ্খ বাজাতে বাজাতে রওনা দেন। বাড়িতে ফিরে ওই ধানের আঁটি গোয়াল ঘর বা বাড়ির বারান্দায় চালে রেখে দেন। এরপর বছরছর এই ধানের আঁটিকে লক্ষীরূপে পুজো করা হয়। আর এরসঙ্গে শুরু হয়ে যায় নবান্নে প্রস্তুতিও।
এদিন সকালেই মহকুমার বিভিন্ন গ্রামে দেখা গিয়েছে ‘মুঠ আনা’ উৎসব। খড়গ্রামের ধনিগ্রামের শশাঙ্কর মণ্ডল বলেন, ছোটবেলায় দাদুর কাছে থেকেই জমি থেকে কিভাবে মুঠ আনতে হয় সেটা শিখেছি। এই বয়সে বাড়ির ছোটদেরও সেটা শিখিয়েছি। আমলাই গ্রামের সন্দীপ নন্দী বলেন, বর্তমান সময়ে অনেকে জায়গায় এই রীতি কার্যত উঠে যাওয়ার মুখে। কিন্তু আমাদের মতো গ্রামবাংলায় আজও মুঠ উৎসব চালু থাকায় বেশ ভালো লাগে। মুঠ আনার আগে অনেক চাষি হারভেস্টার দিয়ে জমির ধান কেটে ফেললেও এই প্রাচীন লোকাচার কোনোদিন উঠে যেতে পারে না। মাখালতোড় গ্রামের বিশ্বনাথ সাহা বলেন, অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর চাষিরা শুভদিন মনে করে এই রীতি পালন করে আসছেন। এই কৃষিভিত্তিক লোকাচার বাংলার ঐতিহ্য, বাংলার কৃষিভিত্তিক সংস্কৃতি। আর এদিন থেকেই নবান্নের প্রস্তুতিও শুরু হয়ে গেল।