নয়াদিল্লি: ২৬ বছর আগে সৌদি আরবে খুন করে ভারতে পালিয়ে এসেছিল এক মোটর মেকানিক। এতদিন ধরে পুলিসের চোখে ধুলো দিয়ে দিব্যি লুকিয়ে ছিল সে। কিন্তু শেষরক্ষা হল না। সিবিআইয়ের হাতে ধরা পড়ল অভিযুক্ত। কেন্দীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ভারতে ভুয়ো নাম ব্যবহার করে নতুন পাসপোর্ট তৈরি করেছিল মহম্মদ দিলশাদ নামে অভিযুক্ত। এতদিন সেই পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার সৌদি আরবেও গিয়েছে সে। গত ১১ আগস্ট সৌদি আরব থেকে দেশে ফেরার পরই সিবিআইয়ের জালে ধরা পড়ে সে। ওইদিন মদিনা থেকে জেড্ডা হয়ে দিল্লি বিমানবন্দরে নামতেই দিলশাদকে গ্রেপ্তার করা হয়।
ওই সিবিআই আধিকারিক জানিয়েছেন, ধৃত দিলশাদ আদতে উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা। সৌদি আরবের রিয়াধে মোটর মেকানিক হিসেবে কাজ করত সে। ১৯৯৯ সালে কর্মক্ষেত্রে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। সৌদি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই সে ভারতে পালিয়ে আসে। তারপর নতুন পরিচয়ে বিভিন্ন নথি তৈরি করে। সৌদি প্রশাসনের অনুরোধে ২০২২ সালে সিবিআই এই মামলার দায়িত্ব নেয়। দিলশাদের নামে জারি হয় লুক-আউট নোটিস। কিন্তু তার আগেই ধৃত নাম বদলে ভুয়ো নথি তৈরি করে ফেলায় ওই নোটিস কাজে আসেনি। কিন্তু হাল ছাড়েনি সিবিআই। তদন্তে দিলশাদের কারসাজি সামনে আসে। গোয়েন্দারা জানতে পারেন, নাম ভাঁড়িয়ে দিলশাদ নিয়মিত কাতার, কুয়েত ও সৌদি আরবে যাতায়াত করে। এরপর তার নতুন পাসপোর্টের তথ্য দিয়ে ফের লুক-আউট নোটিস জারি করা হয়। তাতেই সাফল্য আসে।