নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মায়ের কোল থেকেই হাড়হিম করা খুনের দৃশ্য দেখেছিল একরত্তি মেয়ে। বছর পাঁচেকের খুদের বয়ানের ভিত্তিতেই ১৫ বছরের পুরানো খুনের ঘটনায় তার মা-বাবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ২০১১ সালের ১ মে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের কাছে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ওই দিনই যুবকের দাদা দেহ শনাক্ত করেন ও জীবনতলা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। মৃত যুবকের দাদার অভিযোগ ছিল, স্থানীয় বাসিন্দা তপন নস্করের স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকায় ভাইয়ের এই পরিনতি হয়ে থাকতে পারে। ঘটনার তদন্তে নামে পুলিশ। তপন নস্করের প্রতিবেশী ও একাধিক ব্যক্তিকে জেরা করে অভিযোগের সারবত্তা খুঁজে পায় পুলিশ। জানা যায়, মৃত যুবক তপন নস্করের স্ত্রীর দূর সম্পর্কের খুড়তুতো ভাই। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু কিছুদিন সেই সম্পর্ক চলার পর তা থেকে বেরিয়ে আসতে চাইছিলেন তপনের স্ত্রী। মৃত যুবককে সেকথা বলেও কোনো লাভ হয়নি। আর এরপরই দম্পতি যুবককে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সেইমতো ২০১১ সালের ৩০ এপ্রিল যুবককে গৌড়দহ স্টেশনে ডেকে পাঠায় তারা। এরপর যুবককে ডিমের ডেভিল ও একটি ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। পুলিশের দাবি, ওই ঠান্ডা পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। এরপর ওই যুবক যখন নিস্তেজ হয়ে পড়ে, তখনই ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে তপন। আর মায়ের কোল থেকেই গোটা দৃশ্য দেখেছিল তাদের ছোট্ট মেয়ে। এরপর পুলিশের কাছে সেই ঘটনার কথা জানিয়ে দেয় সে। আর সেই বয়ানের ভিত্তিতেই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হলে অবশ্য নিজের বয়ান বদলে ফেলে মেয়েটি। কিন্তু আলিপুর আদালতের বিচারক ওই দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনায়। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় দম্পতি। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে মেয়েটির বয়ান বদলের কথা উল্লেখ করে সওয়াল করেন দম্পতির আইনজীবী। কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এক্ষেত্রে মেয়েটি প্রথমে যে বয়ান দিয়েছিল সেটিই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এরপরই নির্দেশে খুনের অভিযোগে দম্পতির যাবজ্জীবন সাজার নির্দেশ বহাল রাখে বেঞ্চ।



