নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাবারে ভেজাল রোধে গত কয়েক মাস ধরে লাগাতার প্রচার ও অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। ত্রুটি ধরা পড়লেই দেওয়া হচ্ছে নোটিস। দোকান বা রেস্তরাঁকে ধরানো হচ্ছে জরিমানার চিঠিও। পুরসভার স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, লাগাতার নজরদারির ফলে ভেজাল খাবারের জরিমানা বাবদ পুরসভার আয় গত অর্থবর্ষের তুলনায় চলতি বছরের মাঝামাঝি সময়েই প্রায় চার গুণ বেড়েছে। বছর শেষে তা আরও কয়েকগুণ বাড়তে পারে।
পুরসভার স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, চলতি বছর এখনও পর্যন্ত ১৭৮টি জরিমানার নোটিস ইস্যু করা হয়েছে। এর মধ্যে ৯১টি দোকান-রেস্তরাঁকে ধরানো জরিমানার নোটিস থেকে ১৫ লক্ষ ৮৭ হাজার টাকা আদায় হয়েছে। বাকি আরও ৮৭টি নোটিস থেকে জরিমানার টাকা পাওয়া বাকি আছে। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, গতবার সারা বছরে এই খাতে পুরসভা পেয়েছিল ৩ লক্ষ ৯৩ হাজার টাকা। আর এবার ৩০ সেপ্টেম্বর পর্যন্তই প্রায় ১৬ লক্ষ টাকা আদায় হয়ে গিয়েছে। অর্থাৎ বছরের মাঝামাঝি সময়েই গতবারের তুলনায় এই খাতে পুরসভার আয় প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।
জরিমানা বকেয়া রাখা আরও ৮৭টি নোটিসের ভিত্তিতে মিলতে পারে প্রায় ১৫ লক্ষ টাকা। অর্থাৎ বছর শেষে ভেজাল খাবারের জরিমানা বাবদ প্রায় ৩০ লক্ষ টাকা পুর-কোষাগারে আসতে পারে। গতবারের সঙ্গে তুলনা করলে প্রায় ৮ গুণ আয়বৃদ্ধি হতে পারে, যা পুর-ইতিহাসে রেকর্ড হতে চলেছে।



