পুরসভার অস্থায়ী  কর্মীদের মজুরি বাড়ল ৬০ টাকা
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গারুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীদের ৬০ টাকা করে মজুরি বাড়ানো হল। মঙ্গলবার পুরসভায় গিয়ে এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী অর্জুন সিং। এর ফলে ৪০০ জন অস্থায়ী কর্মীর মজুরি বাড়ল। এতদিন তাঁরা পেতেন ৩১০ টাকা। এবার তা বেড়ে হল ৩৭০ টাকা। অন্যান্য পুরসভার অস্থায়ী কর্মীদেরও মজুরি বাড়বে বলে অর্জুন সিং জানিয়েছেন।মঙ্গলবার একাধিক ইস্যুতে ডাকা নিজের বিধানসভা কেন্দ্রের গারুলিয়া পুরসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। আগামী দিনে সুষ্ঠুভাবে ছটপুজো সম্পন্ন করার লক্ষ্যে ওই বৈঠকে সমস্ত ঘাট সংস্কার করে সাজিয়ে তোলার কথা বলেন অর্জুন। তিনি জানিয়েছেন, প্রতিটি ঘাট সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আলো লাগাতে হবে। এছাড়া কাঙালি ঘাটে একাধিক বাড়ি গঙ্গার গ্রাসে চলে গিয়েছে। এদিনের বৈঠকে ঠিক হয়েছে, পুরসভার তরফে বাড়িগুলি পুনরায় তৈরি করা হবে। গঙ্গার গ্রাসে চলে যাওয়া বাড়িগুলির আবাসিকদের পুনর্বাসন দেওয়া হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জুটমিল-সহ একাধিক কারখানার কর অনেক বকেয়া হয়ে গিয়েছে। সেইসব জুটমিল গুলিকে বকেয়া কর মেটানোর জন্য নোটিস দেওয়া হবে। 

Advertisement