সংবাদদাতা, বসিরহাট: দ্বিগুণ লাভের টোপ দিয়ে ১৭ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন একটি ভুয়ো আর্থিক সংস্থার দুই কর্ণধার। অবশেষে গ্রেপ্তার হলেন ওই দুই কর্তা মৃত্যুঞ্জয় সরকার ও স্বপন বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশি লাভের লোভ দেখিয়ে প্রায় ২ হাজার আমানতকারীর কাছ থেকে ১৭ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন ওই দু’জন। এরপর চার মাস ধরে ওই কোম্পানির গেট বন্ধ অবস্থায় দেখা যায়। টাকা ফেরত পাওয়ার আশায় ঘুরছিলেন আমানতকারীরা। সোমবার স্বরূপনগর থানার পুলিশের জালে ধরা পড়েন ওই দুই কর্তা।
২০২২ সাল থেকে আস্থা নামে ওই সংস্থায় টাকা জমা রাখছিলেন বহু মানুষ। অভিযোগ, দ্বিগুণ লাভের প্রতিশ্রুতি দিয়ে আমানতকারীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু প্রায় চার মাস আগে সংস্থার মূল গেটে তালা ঝুলিয়ে উধাও হয়ে যান কর্ণধাররা। এরপর থেকেই টাকা ফেরতের দাবিতে বারবার দরবার করেন আমানতকারীরা। মিলেছে একের পর এক প্রতিশ্রুতি, কিন্তু মেলেনি টাকা।
গত ২০ অক্টোবর মৃত্যুঞ্জয় সরকারের বাড়িতে হামলা চালান ক্ষুব্ধ আমানতকারীরা। এরপর ২৫ অক্টোবর টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু টাকা না মেলায় স্বরূপনগর থানার সামনেই বিক্ষোভে ফেটে পড়েন আমানতকারীরা। এরপর আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মৃত্যুঞ্জয় সরকার ও স্বপন বিশ্বাস। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



