Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতের ঋষি বঙ্কিম সরণি সারাবে কে দায় ঠেলাঠেলি পুরসভা, জেলা পরিষদের

সদর শহর বারাসতে জেলাশাসকের অফিস লাগোয়া এলাকায় বেহাল অবস্থায় পড়ে রাস্তাটি। বড় বড় গর্ত আর তাতে বৃষ্টির জল জমে মরণফাঁদ তৈরি হয়েছে

বারাসতের ঋষি বঙ্কিম সরণি সারাবে কে দায় ঠেলাঠেলি পুরসভা, জেলা পরিষদের
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সদর শহর বারাসতে জেলাশাসকের অফিস লাগোয়া এলাকায় বেহাল অবস্থায় পড়ে রাস্তাটি। বড় বড় গর্ত আর তাতে বৃষ্টির জল জমে মরণফাঁদ তৈরি হয়েছে। কিন্তু এই রাস্তা মেরামত করবে কারা, তা নিয়ে প্রশাসনের দুই দপ্তরের মধ্যে লেগেছে গোল। পুরসভার দাবি, রাস্তাটি মেরামত করবে জেলা পরিষদ। অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, এটি পুরসভার দায়িত্বের মধ্যেই পড়ে।

Advertisement

উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসতে রোজ হাজার হাজার মানুষ আনাগোনা করে। জেলাশাসকের অফিসের পাশেই রয়েছে বাজার, জেলা আদালত ও জেলা পরিষদ। ফলে বহু মানুষই এখানে আসেন নিত্য প্রয়োজনে। এমনকী বারাসত স্টেশন থেকেও অনেক যাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ফলে খুবই গুরুত্বপূর্ণ বারাসতের ঋষি বঙ্কিমচন্দ্র সরণি। কিন্তু সেই রাস্তাই এখন মানুষের কাছে যন্ত্রণার কারণ। রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, তাতে বৃষ্টির জল জমে কার্যত পুকুরের আকার ধারণ করেছে। চারচাকা বা অটো-টোটো তো দূরের কথা, হেঁটে যাওয়াও দায়। স্থানীয় বাসিন্দা রুপম কারক বলেন, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে এই এলাকাতে। তারপরেও এই রাস্তায় চলা দায়। তাতে কারও কোনও হেলদোলও নেই। আরেক বাসিন্দা অরুণিমা কাঞ্জিলাল বলেন, সদর শহরের রাস্তারই এমন অবস্থা। তাহলে বোঝাই যাচ্ছে নাগরিক পরিষেবার কী হাল!
এনিয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, রাস্তাটি জেলা পরিষদ থেকে দেখভাল করা হয়। এই রাস্তা আমরা কখনই সংস্কার করি না। আর জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, জেলা পরিষদের এই রাস্তা সংস্কারের কোনও দায় নেই। এটি পুরসভার অধীন। শহরে রাস্তা সারাইয়ের মতো কোনও কাজ জেলা পরিষদ সরাসরি করে না। পুরসভা কেন করছে না, জানি না। 
এদিকে, এই রাস্তা সারাই নিয়ে এমন দায় ঠেলাঠেলিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, পুরসভা দায় ঠেলছে কেন, বুঝতে পারছি না। আসলে নাগরিক পরিষেবাকে পুরসভা যে কোনও গুরুত্ব দেয় না, তা আবার স্পষ্ট।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ