Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চুঁচুড়ায় পরিবেশ রক্ষা, শহরের আকর্ষণ বাড়াতে ৫০ স্থানে বৃক্ষরোপণ পুরসভার

চুঁচুড়ায় পরিবেশ রক্ষা, শহরের আকর্ষণ বাড়াতে ৫০ স্থানে বৃক্ষরোপণ পুরসভার
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পরিবেশ রক্ষা ও সৌন্দর্যায়নের লক্ষ্যে শতাব্দী প্রাচীন চুঁচুড়াকে সবুজ করে তোলার উদ্যোগ নিয়েছে পুরসভা। শহরের বিভিন্ন পার্ক, নদী ও পুকুরের পাড়, স্কুল-কলেজে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হবে। শুধু গাছ বসিয়েই দায় সারতে চায় না পুরসভা। তাই স্বনির্ভর গোষ্ঠীকে সেই গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বও দিচ্ছে। সেই বাবদ গোষ্ঠীগুলিকে আর্থিক সাহায্য করবে পুরসভা। ইতিমধ্যেই ৫০টি জায়গা চিহ্নিত হয়েছে। তার মধ্যে ন’টি জায়গায় আজ, বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। পুরকর্তাদের দাবি, বহুবর্ষজীবী বকুলের পাশাপাশি কম বর্ষজীবী কিন্তু দেখতে সুন্দর গাছও রোপণ করা হবে।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, আম্রুত প্রকল্পের একটি বিশেষভাগকে কাজে লাগিয়ে এই পরিকল্পনা পুরসভা নিয়েছে। গোটা বিষয়টি লাইভলি হুড মিশনের তত্ত্বাবধানে হবে। তাতে একদিকে যেমন শহরের পার্কগুলিতে গাছের সংখ্যা বাড়বে তেমনই পরিকল্পিত বৃক্ষরোপণের সুযোগও তৈরি হবে। তীব্র দাবদাহ পরিস্থিতিতে শহরকে ছায়া দেবে এবং সুন্দর করে তুলবে। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য জয়দেব অধিকারী বলেন, ‘আমরা অম্রুত প্রকল্পকে কাজে লাগিয়ে গাছ রোপণের একটি বিশেষ কর্মসূচি নিয়েছি। গাছ রক্ষণাবেক্ষণেরও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী গাছের যত্ন রাখবে। সেজন্য তাঁদের পুরস্কারও দেওয়া হবে। দফায় দফায় কাজ হবে। বুধবার থেকে প্রথম দফার কাজ শুরু।’ তিনি জানান, প্রকল্পকে সফল করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও শহরকে নতুন চেহারা দেওয়া, দু’টি লক্ষ্য সামনে রেখে পরিকল্পনা হয়েছে। পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, ‘বর্তমান সময় পরিবেশ রক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই নিরিখে শহরে গাছের সংখ্যা বাড়ানোর একটি সুসংহত পরিকল্পনার প্রয়োজন ছিল। তাছাড়া শহর সুন্দর করে সাজিয়ে তোলাও জরুরি। সরকারি প্রকল্প কাজে লাগিয়ে সেই লক্ষ্যপূরণ হচ্ছে।’ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘বাস্তবসম্মত উদ্যোগ। পরিবেশ রক্ষার দায় জনপ্রতিনিধিদেরও নিতে হবে। তবেই দৃষ্টান্ত তৈরি হবে।’
চুঁচুড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার দুই, ছয়, আট, ১১, ২১, ২৪, ২৬, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে বুধবার প্রথমদফার বৃক্ষরোপণ হবে। মূলত বকুল, শিশু, মেহগনি, শালের মতো গাছ এবং করবী, কাঠকরবীর মতো ফুলের গাছও রোপণ করা হবে। প্রতি জায়গায় ৪০টি করে গাছ রোপণের পরিকল্পনা। শহরে চিহ্নিত করা ৪০টি জলাশয়, পার্ক, স্কুল ও কলেজ সাজিয়ে তোলা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ