Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কার্বণ নিঃসরণ নিয়ন্ত্রণে পুরসভার বিশেষ কর্মশালা, প্রশিক্ষণ ৫০ জনকে

গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে দূষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে কলকাতা পুরসভা। দু’দিন ধরে তা চলবে।

কার্বণ নিঃসরণ নিয়ন্ত্রণে পুরসভার বিশেষ কর্মশালা, প্রশিক্ষণ ৫০ জনকে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে দূষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে কলকাতা পুরসভা। দু’দিন ধরে তা চলবে। শেষ করার পর মিলবে পুরসভার সার্টিফিকেট। এর পোশাকি নাম, ‘নেট জিরো এমিশন অ্যান্ড কার্বন ক্রেডিট’।

Advertisement

সোমবার এর উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন পুরসভার পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, ডঃ অভিজিৎ মিত্র সহ অন্যান্যরা। কলকাতা দূষণের গ্রাসে বলে অভিযোগ। সার্বিকভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনিক স্তরে। তবে জনসচেতনতা ছাড়া এ কাজ সম্ভব নয়। তাই পুরসভার এই উদ্যোগ। অতীতে প্রশিক্ষণ দিয়ে ‘পরিবেশ যোদ্ধা’র সার্টিফিকেট দিয়েছিল পুর কর্তৃপক্ষ। এবার সেই পাঠই বড়ো পর্যায়ে দেওয়া হবে। গ্রিনহাউস গ্যাস কী, তা কি কি ভাবে উৎপন্ন হয়, কীভাবে নিয়ন্ত্রণ সম্ভব, ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। জানা গিয়েছে, পুরসভার  ওয়েবসাইটে এ সংক্রান্ত বিষয় জানানো হয়েছিল। যোগ্যতামান স্নাতকস্তর। পঞ্চাশের বেশি নাগরিক আবেদন করেছেন। ২৫ জনে ভাগ করে হবে কোর্স। 
বিজ্ঞানী অভিজিৎ মিত্র বলেন, বর্তমানে কার্বন নিঃসরণ বেড়ে চলেছে। তা নিয়ন্ত্রণ বড়ো চ্যালেঞ্জ। এই কাজ তৃণমূল স্তর থেকে শুরু করতে হবে। জনসচেতনতা তৈরি প্রয়োজন। যাঁরা প্রশিক্ষণ নেবেন তাঁরাই বিভিন্ন সময় আরও মানুষকে সচেতন করবেন। যে গাছ যতটা কার্বন শোষণের ক্ষমতা রাখে সেই গাছের মূল্য তত বেশি হয়। সেই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, আগের বার ‘পরিবেশ যোদ্ধা’র ট্রেনিং দেওয়া হয়েছিল। এবার প্রশিক্ষণের বিষয়টি আরও গভীর ও বিজ্ঞানভিত্তিক। মঙ্গল ও বুধবার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। ফিরহাদ বলেন, রাজনীতিতে সব থেকে বেশি অবহেলিত পরিবেশ বিষয়টি। ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে অর্থের থেকেও বেশি জরুরি সুস্থ পরিবেশ তৈরি করে যাওয়া। উল্লেখ্য, অতীতে শহরের পরিবেশ রক্ষায় জনগণকে সচেতনতার পাঠ দিতে এমনই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পঞ্চাশের বেশি পড়ুয়াকে। এবার কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়ে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ