Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহ শহরে বেআইনি পার্কিং রুখতে বৈঠক করল পুরসভা

পুরাতন মালদহ শহরের রাজ্য সড়কগুলিতে অবৈধভাবে যানবাহন পার্কিং করা হচ্ছে। বিশেষ করে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মঙ্গলবাড়ি অফিসের সামনে একাধিক লরি  রাস্তায় দাঁড়িয়ে থাকে।

পুরাতন মালদহ শহরে বেআইনি পার্কিং রুখতে বৈঠক করল পুরসভা
  • ১৫ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের রাজ্য সড়কগুলিতে অবৈধভাবে যানবাহন পার্কিং করা হচ্ছে। বিশেষ করে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মঙ্গলবাড়ি অফিসের সামনে একাধিক লরি  রাস্তায় দাঁড়িয়ে থাকে। এতে রাস্তা একেবারেই সংকীর্ণ হয়ে শহরে যানজট বাড়ছে। অন্যদিকে, শহরের রাস্তায় ব্যবসায়ীদের একাংশ বালি, পাথর মজুত করে ব্যবসা করছেন। শহর যানজট এবং রাস্তা দখলমুক্ত করতে সোমবার পুরাতন মালদহ পুরসভা ভবনে বৈঠক করল প্রশাসন। এতে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মঙ্গলবাড়ি পুলিস ফাঁড়ির ইনচার্জ অনন্ত বিশ্বাস, স্থানীয় ট্রাফিক এবং পরিবহণ দপ্তরের পদস্থ আধিকারিকরা। বৈঠকে একাংশ লরি মালিক অংশ নিয়েছিলেন। 

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কয়েক ঘণ্টা ধরে চলা বৈঠকে লরির মালিকদের রাজ্য সড়কের উপর গাড়ি পার্কিং করতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, শহরের বিভিন্ন এলাকায় যাঁরা বালি, পাথর রেখে দিচ্ছেন, তাঁদের সেগুলি দ্রুত সরাতে হবে। আগামী সপ্তাহের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে এমন তথ্য জনসাধারণ এবং ব্যবসায়ী, যানবাহন মালিকদের জানিয়ে দেওয়া হবে। তারপরেও নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। পথ নিরাপত্তার স্বার্থে ফাইন করা হবে বলে পুরচেয়ারম্যান হুঁশিয়ারি দিয়েছেন। 
পুরসভার চেয়ারম্যান বলেন, শহরের রাস্তায় যানবাহনগুলি পার্কিং হয়ে থাকছে। গাড়ি ভালোভাবে যেতে পারে না। গত সপ্তাহে জেলাস্তরে রোড সেফটি মিটিং হয়। সেখানে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এদিন শহরে স্থানীয় প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক হয়। সিদ্ধান্ত অনুয়ায়ী যানজট মুক্ত করতে হবে। অবৈধ পার্কিং করা যাবে না। রাস্তায় বালি সহ কিছু রাখা যাবে না। মঙ্গলবাড়ির সড়ক আগে জাতীয় সড়কের অধীনে ছিল। বর্তমানে পূর্তদপ্তরের অধীনে এসেছে। সংশ্লিষ্ট দপ্তর রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। প্রধান রাস্তার পাশে দু’টি সার্ভিস রোড তৈরি হয়েছে। অভিযোগ, ওই সড়কের উপর একাধিক যানবাহন অবৈধভাবে পার্কিং করে রেখে দেওয়া হচ্ছে। এতে যানজট বাড়ছে। চেয়ারম্যান বলেন, সেজন্য আমরা মাইকিং করব। কেউ না শুনলে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে যোগ দেওয়া মঙ্গলবাড়ির লরি মালিক সত্য ঘোষ এবং অলোক ঘোষ বলেন, সড়কে যানজট করা যাবে না। নিয়ম না মানলে কঠোর পদক্ষেপের কথা আমাদের জানিয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ