সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ পুরসভার ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাঙামাটিতে। শহরের শেষপ্রান্তে সেখানে প্রায় আড়াই বিঘা জমিতে হবে ওই প্রকল্পটি। কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা) প্রথম ধাপে ৩ কোটি ৭০ লক্ষ টাকার অনুমোদন দিয়েছে। জমির বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা এবং টিনের শেডসহ বেশকিছু কাজ হবে। সেখানে ২০টি ওয়ার্ডের বর্জ্য ফেলে পৃথক করা হবে বলে বৃহস্পতিবার পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানিয়েছেন। তবে, যেখানে ড্রাম্পিং গ্রাউন্ড হচ্ছে, সেই জমির উপর দিয়ে ইলেকট্রিক তার চলে গিয়েছে। সেটি না সরালে কাজ চালু করতে পুরসভার সমস্যা হতে পারে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।
পুরসভার চেয়ারম্যান বলেন, কলকাতায় ডাম্পিং গ্রাউন্ড নিয়ে সুডার পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। ইলেকট্রিক তার নিয়েও কথা হয়েছে। তাঁরা সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
শতাব্দী প্রাচীন পুরাতন মালদহ পুরসভায় ২০টি ওয়ার্ড রয়েছে। তবে, বর্জ্য ফেলার স্থায়ী কোনো জায়গা নেই। বিভিন্ন মহল থেকে একাধিকবার ডাম্পিং গ্রাউন্ডের দাবি ওঠে। ১ নম্বর ওয়ার্ড পার হয়ে একটি ব্রিজের কাছে রাঙামাটির কাছে জায়গা চিহ্নিত হয়। সেটি গ্রামীণ এলাকা। ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর পুরসভাকে জমি হস্তান্তর করে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বাউন্ডারি ওয়াল করার পর বেশকিছু মেশিন দেওয়া হবে।
২০টি ওয়ার্ডের বর্জ্য থেকে প্লাস্টিক এবং অন্য উপাদান আলাদা করে জৈবসার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো কাজ দেখাশোনা করবে হায়দরাবাদের একটি সংস্থা। তাদের সঙ্গে সুডার কথা হয়েছে। ওই সংস্থা স্থানীয়দেরও কাজের সুযোগ দেবে।
৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা বলেন, ডাম্পিং গ্রাউন্ডের জমিতে ট্রান্সফরমার বসানো হয়েছে। জমির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার সরানোর উদ্যোগ নিয়েছে পুরসভা। বিদ্যুৎ বণ্টন কোম্পানির মালদহের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস বলেন, তারের বিষয়টি নিয়ে পুরসভা আবেদন করেছে। খতিয়ে দেখা হচ্ছে।