Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্ছেদ করার পর ব্যবসায়ীদের দোকান বানিয়ে দিচ্ছে পুরসভা

কাঁকিনাড়া বাজার, নয়াবাজার, পানপুর মোড় থেকে দখলদারদের উচ্ছেদ করেছে ভাটপাড়া পুরসভা।

উচ্ছেদ করার পর ব্যবসায়ীদের দোকান বানিয়ে দিচ্ছে পুরসভা
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁকিনাড়া বাজার, নয়াবাজার, পানপুর মোড় থেকে দখলদারদের উচ্ছেদ করেছে ভাটপাড়া পুরসভা। এবার সেই দখলদারদের জন্য টিন ও অ্যাসবেস্টস দিয়ে ছয় বাই চার ফুটের দোকান তৈরি করে দিচ্ছে পুরসভা। দোকানিদের মাসে মাসে ন্যূনতম ভাড়া গুনতে হতে পারে। পুরসভা এখনও এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে সূত্রের খবর। এর ফলে ফুটপাত যেমন দখলমুক্ত হচ্ছে, তেমনই দেখতেও সুন্দর হচ্ছে। ইতিমধ্যেই পানপুর মোড়ে ১৬টি দোকান তৈরি করে বিলি করা হয়েছে। কাঁকিনাড়া বাজার, সুন্দিয়া মোড়, নয়াবাজার, মানিকপীর বাজারেও দখলদারদের এভাবে পুনর্বাসন দেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

এভাবে কয়েকশো দোকান নিজের খরচেই তৈরি করে দিচ্ছে ভাটপাড়া পুরসভা। ঘোষপাড়া রোড দখল করে যাঁরা ব্যবসা করতেন, তাঁদের সেখান থেকে সরিয়ে কাছেই পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। রাস্তা দখলমুক্ত হওয়ায় বারাকপুর শিল্পাঞ্চলের ঘোষপাড়া রোড এখন অনেক চওড়া হয়েছে। ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা বলেন, রাজ্য সরকারের নির্দেশে ঘোষপাড়া রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা থেকে দখলদার সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তাঁদের পরিবার আছে, তাই তাঁদের রুটি-রুজির কথা চিন্তা করে ছোট ছোট দোকান বানিয়ে দেওয়া হচ্ছে। সেখানে তাঁরা ব্যবসা করতে পারবেন। তাঁদের থেকে সামান্য কিছু ভাড়া হয়তো নেওয়া হতে পারে। ফলে ফুটপাত যেমন দখলমুক্ত হবে, তেমনই ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ