নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুরসভার ৯ নম্বর বরোর বিল্ডিং বিভাগে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই পুর কর্মীর চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যার প্রতিবাদে এবার সরব হলেন পুরসভার ইঞ্জিনিয়াররা।
এদিন বিক্ষোভকারীরা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির অপসারণ দাবি করেন। পাশাপাশি, গ্রেপ্তার হওয়া ইঞ্জিনিয়ারের জামিনেরও দাবি করেছেন। যার প্রতিবাদে সোমবার সকালে পুরসভায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান পুরসভার বিভিন্ন বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা। পুরসভার করিডরে বসে বিক্ষোভ দেখান প্রায় ৫০০ ইঞ্জিনিয়াররা। ইঞ্জিনিয়ারদের দাবি, তাঁদের সহকর্মীকে কোনওভাবেই সাসপেন্ড করা যাবে না। তাকে মুক্তি দিতে হবে। বিল্ডিং বিভাগের ডিজিকে সরাতে হবে। পাশাপাশি তাঁরা নিজেরাও পেন ডাউন করে কোনো কাজ না করে প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত জুন মাসের তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় তদন্তে কয়েক মাস পরেই কলকাতা পুরসভার এক আধিকারিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম আমিনুর শেখ। তিনি কলকাতা পুরসভার ৯ নম্বর বরোর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার গড়িয়ার বিধানপল্লিতে একটি আবাসনের নিজের ফ্ল্যাট থেকে আমিনুরকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গত জুনে ৮০ নম্বর ওয়ার্ডের একটি নির্মীয়মাণ গোডাউন আচমকা ভেঙে পড়ে। সেই সময় সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে ছিলেন আমিনুর শেখ। ঘটনার তদন্তে গোডাউন নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলির সম্পর্কে তথ্য চেয়ে কলকাতা পুরসভাকে নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ। পুরসভার তরফে দেওয়া জবাবে তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। জানা যায়, ওই নির্মাণের নকশা অনুমোদনের দায়িত্বে ছিলেন এই আমিনুর শেখ। এই তথ্যের ভিত্তিতেই তাঁর ভূমিকা খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। একইসঙ্গে নির্মাণকাজের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের ভূমিকাও তদন্তের আওতায় রাখা হয়েছে।