Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তিনবছরেও পার্কিংজোন গড়তে ব্যর্থ পুরসভা, বর্ষপূর্তিতে সমালোচনার ঝড়

তিনবছর পূর্ণ হল ময়নাগুড়ি পুরসভার। সোমবার ঢাকঢোল পিটিয়ে উদ্‌যাপন করলেন পুরকর্তারা। কাটলেন কেক। তিনবছর বোর্ড পরিচালনাকে সাফল্য হিসেবেই দেখছেন তাঁরা।

তিনবছরেও পার্কিংজোন গড়তে ব্যর্থ পুরসভা, বর্ষপূর্তিতে সমালোচনার ঝড়
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: তিনবছর পূর্ণ হল ময়নাগুড়ি পুরসভার। সোমবার ঢাকঢোল পিটিয়ে উদ্‌যাপন করলেন পুরকর্তারা। কাটলেন কেক। তিনবছর বোর্ড পরিচালনাকে সাফল্য হিসেবেই দেখছেন তাঁরা। কিন্তু, তাঁদের দিকে ধেয়ে আসছে সমালোচনাও। কারণ,এই তিনবছরে শহরে একটা পার্কিংজোনও গড়তে পারেনি এই পুরবোর্ড। রয়ে গিয়েছে আরও নানা সমস্যা। তবে পার্কিং জোন না থাকা এই শহরের অন্যতম প্রধান সমস্যা। এর জেরে রোজ শহরের পথে যানজট বাড়ছে। দখল হচ্ছে ফুটপাত। জায়গার অভাবে বাজারের ভিতরে বাইক পার্কিং করতে হচ্ছে। কিন্তু তাতে যেন কোনও হেলদোলই নেই কর্তাদের। তাই শহরে কবে পার্কিংজোন গড়া হবে, স্থানীয়রা এই প্রশ্নের উত্তরই জানতে চান ময়নাগুড়ি পুরসভার কাছে।

Advertisement

শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপ পাল বলেন, ময়নাগুড়ি পুরসভা তাদের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরবে, না কি কেক কাটার ছবি সোশ্যাল মাধ্যমে পোষ্ট করবে, এটা পুরসভাই বিচার করুক। ময়নাগুড়ি পুরসভা কি, তাদের ভূমিকা কি, সেটাই শহরের অনেকে জানেন না। পার্কিংজোন অত্যন্ত প্রয়োজন। অথচ দুঃখের বিষয়, তিন বছর হয়ে গেল, অথচ পার্কিংজোন গড়ে উঠল না। ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের শিক্ষক আনন্দ দাম বলেন, শহরে পার্কিংজোন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে পুরসভার ভাবা উচিত। পার্কিং জোন হলে বিরাট সমস্যার সমাধান হবে ময়নাগুড়িতে। একই সুর ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহার। তিনি বলেন, পার্কিংজোন না থাকায় শুধু ব্যবসায়ীরা নন, সাধারণ মানুষও ভুক্তভোগী হচ্ছেন। যত্রতত্র যানবাহন প্রবেশ করছে বাজারে। বাদ নেই থানার মূল রাস্তা। সে কারণে পুরসভাকে এটা দেখা উচিত।
এই বিষয় নিয়ে চেয়ারম্যান অনন্তদেব অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তরই দিতে চাননি। ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, ময়নাগুড়ি শহরের পার্কিংজোন গড়ে তোলার প্রচেষ্টা আমাদের শুরু হয়েছে। এ বিষয় জেলা পরিষদকে জানানো হয়েছে। অবশ্যই ময়নাগুড়ি শহরে পার্কিংজোন গড়ে উঠবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ