Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনাঝুরিতে সরকারি জমিতে দখল রুখতে লাগানো হল পুরসভার বোর্ড

শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট সংলগ্ন পর্যটন দপ্তরের জমিতে বোর্ড লাগিয়ে বিক্রির অপচেষ্টা বন্ধ করল বোলপুর পুরসভা।

সোনাঝুরিতে সরকারি জমিতে দখল রুখতে লাগানো হল পুরসভার বোর্ড
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট সংলগ্ন পর্যটন দপ্তরের জমিতে বোর্ড লাগিয়ে বিক্রির অপচেষ্টা বন্ধ করল বোলপুর পুরসভা। দিনকয়েক ধরে সেই সরকারি জমি প্লট করে বিক্রির চেষ্টা করেছিল মাফিয়ারা। এমনকী, দিনে-দুপুরে দুর্বৃত্তের দল রাস্তা তৈরির কাজ শুরু করে। খবর পেয়ে সেই জমিতে বেআইনি রাস্তা নির্মাণ বন্ধ করে প্রশাসন। শনিবার সেখানে সরকারি বোর্ড লাগান পুরসভার ইঞ্জিনিয়াররা। এলাকাবাসী ও বাইরের মানুষ যাতে বিভ্রান্ত হয়ে সেই জমি না কেনেন সেইজন্যই এই ব্যবস্থা বলে পুরসভা জানিয়েছে। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

প্রসঙ্গত, সোনাঝুরি খোয়াইয়ের হাট জনপ্রিয়তা পাওয়ার পরেই ওই এলাকায় জমির দাম এখন আকাশছোঁয়া। তাই এবার মাফিয়াদের কুনজরে পড়েছে সরকারি জমি। হাটে যাওয়ার রাস্তায় শালবনের ঠিক আগে রয়েছে পর্যটন ও সেচদপ্তরের জমি। গোয়ালপাড়া মৌজায় সেই সরকারি জায়গা দখল করে প্লট সিস্টেমে বিক্রি করার অপচেষ্টা শুরু করে জমি মাফিয়ারা। ‌কিন্তু, রাস্তা না থাকায় ওই জমি বিক্রি করতে পারছিল না। তাই সেই জমিতেই কংক্রিটের রাস্তা বানানোর চেষ্টা করছিল দুষ্কৃতীরা। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেন প্রশাসন ও পুরসভার আধিকারিকরা। প্রশাসন সেই রাস্তার কাজ বন্ধ করে দেয়। এরপর এদিন পুরসভাও তৎপর হয়ে সেখানে সরকারি বোর্ড লাগিয়ে দেয়।
পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী বলেন, অসৎ উদ্দেশ্যে সরকারি জমি দখল করে রাস্তা তৈরি করা হচ্ছিল। প্রশাসনের নির্দেশে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ইতিমধ্যে তদন্ত করেছে। আমরা তদন্তে জানতে পেরেছি, সেটি সরকারি জমি। তারপরই এদিন বোর্ড লাগিয়েছি। মানুষ যাতে বিভ্রান্ত না হন, সেইজন্যই এই বোর্ড লাগানো হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ