Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হরমনপ্রীতের ঝড়ে জয়ী মুম্বই

হার দিয়ে ডব্লুপিএলে অভিযান শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে শনিবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল হরমনপ্রীত কাউরের দল

হরমনপ্রীতের ঝড়ে জয়ী মুম্বই
  • ১১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: হার দিয়ে ডব্লুপিএলে অভিযান শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে শনিবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল হরমনপ্রীত কাউরের দল। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারিয়েছে তারা। ম্যাচের সেরা ক্যাপ্টেন হরমনপ্রীতই। ৮টি চার ও ৩টি ছক্কা সহ ৪২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন তিনি। এছাড়া ন্যাট সিভার ব্রান্টও ৭০ রান করেছেন। সেই সুবাদে টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ৪ উইকেটে ১৯৫। জবাবে দিল্লি ক্যাপিটালস ১৯ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায়। রান তাড়া করতে নেমে ৪৬ রানেই ৫ উইকেট খোয়ায় তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি জেমাইমা রডরিগেজরা। দিল্লির হয়ে সবচেয়ে বেশি ৫৬ রান করেন চিনেল হেনরি। মুম্বইয়ের নিকোলা কেরি ও অ্যামেলিয়া কের তিনটি করে উইকেট নিয়েছেন। 

Advertisement


এদিকে, দিনের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইউপি ওয়ারিয়র্জকে ১০ রানে হারিয়েছে গুজরাত জায়ান্টস। প্রথমে ব্যাট করে গুজরাত তুলেছিল ৪ উইকেটে ২০৭। জবাবে নির্ধারিত ২০ ওভারে ইউপি থামে ৮ উইকেটে ১৯৭ রানে। উল্লেখ্য, এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইউপি’র ক্যাপ্টেন মেগ ল্যানিং। প্রথমে ব্যাট করতে নেমে অ্যাশলে গার্ডনারের ঝড়ে দুশো রানের গণ্ডি টপকায় গুজরাত। ৬টি চার ও ৩টি ছক্কা সহ ৪১ বলে ৬৫ রানের ইনিংস উপহার দেন ক্যাপ্টেন গার্ডনার। রান তাড়া করতে নেমে ইউপি’র লিচফিল্ডও ব্যাট হাতে ঝড় তোলেন। ৮টি চার ও ৫টি ছক্কা সহ ৪০ বলে ৭৮ রানের ইনিংস উপহার দেন তিনি। তবে এই অজি ব্যাটার আউট হতেই চাপে পড়ে যায় দল। অল্পের জন্য জয় হাতছাড়া হয় ইউপি ওয়ারিয়র্জের।

Advertisement
সম্পর্কিত সংবাদ