সংবাদদাতা, চন্দননগর: বুধবার রাতে উত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। তাঁরা মুম্বইয়ের বাসিন্দা। মৃতদের নাম আভা ঝা (৪৯) ও প্রগতি ঝা (১৯)। পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা ফিল্ম ডিরেক্টর মোহিত ঝা’র স্ত্রী আভা ও কন্যা প্রগতি ছটপুজো উপলক্ষ্যে ধানবাদে তাঁদের আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার সেখান থেকে হুগলির উত্তরপাড়ায় আরেক আত্মীয়ের বাড়িতে আসেন তাঁরা। হাওড়া স্টেশনে বসে মা ও মেয়ে দু’জনে সেলফিও তোলেন। এরপর ট্রেন ধরে পৌঁছান উত্তরপাড়া স্টেশনে। রাত ১১টা নাগাদ উত্তরপাড়া স্টেশনের কাছেই রেললাইন পার হওয়ার সময় রক্সৌল এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান দু’জনেই।পরিবারের সদস্য চন্দনকুমার ঝা বলেন, আমার ছোটো ভাইয়ের স্ত্রী ও মেয়ে উত্তরপাড়ায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। ভাইঝি প্রগতি মুম্বইয়ের আইন কলেজের ছাত্রী ছিল। উত্তরপাড়ায় রেললাইন পার হওয়ার সময় রক্সৌল এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের।



