Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যক্তিগত ৩৬৭ রানে ডিক্লেয়ার মুল্ডারের, অক্ষত ব্রায়ান লারার রেকর্ড

টেস্টে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ ছিল  উইয়ান মুল্ডারের সামনে

ব্যক্তিগত ৩৬৭ রানে ডিক্লেয়ার মুল্ডারের, অক্ষত ব্রায়ান লারার রেকর্ড
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বুলাওয়ো: টেস্টে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ ছিল  উইয়ান মুল্ডারের সামনে। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংসের সমাপ্তি ঘোষণা করলেন তিনি। উল্লেখ্য, এই টেস্টে মুল্ডারই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। লারার ২১ বছরের পুরনো রেকর্ড থেকে মাত্র ৩৩ দূরে তাঁর থেমে যাওয়া সেজন্যই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অস্থায়ী প্রোটিয়া ক্যাপ্টেনের ইনিংসের ডিক্লেয়ারের সিদ্ধান্তে অবাক ক্রিকেট মহল। কারণ, দলের ৬২৬-৫ অবস্থায় তিনি যখন সিদ্ধান্তটা নেন, তখন সবে দ্বিতীয় দিনের লাঞ্চ। বিশেষজ্ঞদের অভিমত, আরও কিছুক্ষণ ব্যাট করতেই পারতেন মুল্ডার। এই প্রসঙ্গে তিনি জানান, ‘কিংবদন্তি লারাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। এমন সুযোগ পুনরায় এলেও একই কাজ করব।’

Advertisement

অলরাউন্ডার হিসেবে পরিচিত তিনি। ২৭ বছর বয়সি এর আগে ২০টি টেস্টে দুটো শতরান করেছিলেন। সর্বাধিক স্কোর ছিল ১৪৭। এদিন তাঁকে নতুন ভাবে চিনল ক্রিকেট দুনিয়া। ৩৩৪ বল খেলে ১০৯.৮৮ স্ট্রাইক রেটে ৪৯টি চার ও চারটি ছক্কা মারেন মুল্ডার। টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের বিচারে মুল্ডার এখন পঞ্চম স্থানে। তাঁর সামনে লারার দু’টি ইনিংস (অপরাজিত ৪০০ ও ৩৭৫) ছাড়াও রয়েছে ম্যাথু হেডেনের ৩৮০ এবং মাহেলা জয়বর্ধনের ৩৭৪। এদিন অবশ্য গারফিল্ড সোবার্সকে (অপরাজিত ৩৬৫) টপকে গিয়েছেন তিনি। উল্লেখ্য, লারা অপরাজিত ৪০০ করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৪ সালে।

Advertisement
সম্পর্কিত সংবাদ