নাগোয়া (জাপান), ২২ অক্টোবর: জাপানে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান প্যারা গেমস। তার মধ্যে মুখ পুড়ল ভারতের। যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে দলের এক প্যারা সুইমারের বিরুদ্ধে। বছর ৪০ বয়সি ওই ক্রীড়াবিদকে ভারতে ফেরত পাঠিয়েছে জাপান। তাঁকে আজীবনের জন্য ব্যান করার বিষয়েও চিন্তাভাবনা চলছে।
জানা গিয়েছে, অভিযুক্ত মহম্মদ শামস আলম শেখ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ করেন হোটেলের এক মহিলা কর্মী। গতকাল সোমবার এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষকে বিষয়টি জানান নির্যাতিতা। এরপরে অভিযুক্ত ভারতীয় অ্যাথলিটকে আটক করে পুলিশ। পরেরদিনই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
অভিযুক্ত অ্যাথলিট মহম্মদ শামস আলম শেখের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পথে ভারতের প্যারালিম্পিক কমিটি (পিসিআই)। তাঁকে আজীবন ব্যানের সম্ভাবনা রয়েছে। এশিয়ান প্যারা গেমস শেষ হওয়ার পর এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।



