নয়াদিল্লি: কঠিন সময় পেরিয়ে ক্রমশ স্বাভাবিক জীবনে ফিরছেন যুজবেন্দ্র চাহাল। ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হতাশায় ডুবে গিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। সেসময় সারাদিন নেশা করতেন তিনি। সেই অবস্থা থেকে বের হওয়ার জন্য ২৬ দিন রিহ্যাব সেন্টারে কাটিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে ধীরে ধীরে ছন্দে ফিরছেন চাহাল। সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানালেন প্রাক্তন স্পিনার। তাঁর কথায়, ‘সেলিব্রেটিদের নিয়ে সাধারণ মানুষের প্রচুর আগ্রহ থাকে। তারা কি করছে? কোথায় যাচ্ছে? কি খাচ্ছে? সব জানতে চায়। তার চেয়ে বড়ো কথা সাধারণ মানুষ মতামতও দেয়। সেটাই জীবনকে ঘেঁটে দেওয়ার জন্য যথেষ্ট। আমার সঙ্গেও এমনটা হয়েছে। প্যানিক অ্যাটাক হত। সারাদিন মদ খেতাম।’
২০২৪-২৫ মরশুমে ক্রিকেট মাঠে তেমন দেখা যায়নি চাহালকে। এর কারণ জানিয়ে তিনি বলেন, ‘হরিয়ানার হয়ে মাত্র দু’টি টি-২০ ম্যাচ খেলেছিলাম। তারপর মানসিক অবস্থা ভালো না থাকায় আর মাঠে নামিনি। কর্তাদের সঙ্গে কথা বলেই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম।’



