সোমনাথ বসু, কলকাতা: উৎসবের মরশুমেই ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। সব ঠিকঠাক চললে হলদিয়া পেট্রো কেমিক্যালসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে লাল - হলুদ ম্যানেজমেন্ট। কথাবার্তা প্রায় চূড়ান্ত। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হলেই চুক্তি সই হবার কথা। সেক্ষেত্রে তারাই হতে চলেছে ইস্ট বেঙ্গলের নতুন ইনভেস্টর। আগামী কয়েকদিনের মধ্যেই ক্লাবের নতুন ইনভেস্টর হিসেবে হলদিয়া পেট্রোকেমিক্যালের নাম ঘোষণা করতে পারে মশালবাহিনী। উল্লেখ্য এর আগে কোয়েস কর্প , শ্রী সিমেন্ট ও ইমামি গ্রুপ ছিল ইস্ট বেঙ্গলের ইনভেস্টর।
গত মরশুমে দীর্ঘ ২২ বছর পর দেশের শীর্ষ লিগ জিতেছিল ইস্ট বেঙ্গল এইসময় ইস্ট বেঙ্গলের ইনভেস্টর ছিল ইমামি গ্রুপ। এইসময় দীর্ঘ ট্রফি খরা কাটিয়ে সুপার কাপও চ্যাম্পিয়ন হয় লাল হলুদ ব্রিগেড। কিন্তু ভারতীয় ফুটবলের প্রবল অনিশ্চয়তার মুখে ফুটবল থেকে মুখ ফেরায় তারা। পরবর্তীতে অবশ্য লাল হলুদের স্পনসর হিসেবে যুক্ত হয়েছে তারা। এইসবের মধ্যেই নতুন ইনভেস্টরের খোঁজে কোমরবেঁধে নেমেছিল ক্লাব ম্যানেজমেন্ট। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও সহায়তার অনুরোধ করা হয়েছিল। শোনা যাচ্ছে আন্তরিকভাবে পাশে থেকেছে সরকারও। আসলে চলতি মরশুমে একইসঙ্গে ইস্ট বেঙ্গলের পুরুষ ও মহিলা দল এফসির স্লট পেয়েছে। শক্তিশালী দল গড়তে প্রচুর অর্থ প্রয়োজন। ইনভেস্টর ছাড়া যা অসম্ভব। অস্বীকারের উপায় নেই প্রবল প্রতিকূলতার মধ্যে সাময়িকভাবে আর্থিক সমস্যা তৈরি হয়। তবে সব বাধা কাটিয়ে অবশেষে নতুন বাঁকের সামনে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল।



