নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঝাড়গ্ৰাম শহরের উড়ালপুল। একাধিক জায়গায় জয়েন্ট ক্লিপ খুলে লোহার পাত বেরিয়ে পড়েছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছে যাত্রীবোঝাই বাস, লরি, টোটো, বাইক। স্বভাবতই পূর্তদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Advertisement
ঝাড়গ্রাম শহরের উত্তর ও দক্ষিণ অংশকে জুড়েছে এই উড়ালপুল। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর শহর ও দুর্গাপুর যেতে গেলে উড়ালপুল ব্যবহার করতে হয়। ঝাড়গ্ৰাম জেলার বাসিন্দারা উন্নয়ন থেকে দীর্ঘসময় বঞ্চিত থেকেছেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১১ সালে উড়ালপুল তৈরি শুরু হয়। উড়ালপুল দিয়ে ২০১৫ সালে যানবাহন চলাচল শুরু হয়। এই পথে নিত্যদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। শহরের উপর দিয়ে যাওয়া ৫ নম্বর রাজ্য সড়ক যার জেরে সব সময়ে ব্যস্ত থাকে। উড়ালপুল থেকে পণ্যবীথি গলি ও লোকাল বোর্ড মোড় এবং পুরভবন যাওয়ার জন্য কোনও টার্নিং রাস্তা নেই। যার জেরে উত্তরপ্রান্তে বাছুরডোবা পেট্রল পাম্প মোড় ও দক্ষিণ প্রান্তে শিবমন্দির মোড়ে ব্যাস্ত সময়ে যানযট হয়। জয়েন্ট ক্লিপ খুলে যাওয়ায় যানজটের সমস্যা আরও বেড়েছে। উড়ালপুল দিয়ে যাওয়ার সময়ে যানবাহনের গতি কমে যাচ্ছে। সেইসঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। টোটো চালক মানস ঢল বলেন, উড়ালপুল জয়েন্ট ক্লিপগুলে খুলে লোহার পাত বেরিয়ে পড়েছে। খুব সাবধানে আমাদের টোটো চালাতে হয়। প্রশাসনের কোনও হেলদোল নেই। বড়সর দুর্ঘটনা ঘটলে তখন হয়তো প্রশাসন নড়েচড়ে বসবে। বাস চালক মন্টু মাহাত বলেন, ঝাড়গ্ৰাম শহর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর ও মেদিনীপুর শহর যাওয়ার জন্য উড়ালপুলের উপর দিয়ে একাধিক বাস চলাচল করে। উড়ালপুলের জয়েন্ট ক্লিপগুলো খুলে গিয়েছে। লোহার পাত বেরিয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে বাস চালাতে হচ্ছে। যে কোনও মুহূর্তে বড়সর দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঝাড়গ্ৰাম শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সহ সভাপতি সৌমেন আচার্য বলেন, বলেন বাস চালকরা বিষয়টি আমাদের জানিয়েছেন। উড়ালপুলটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। অবিলম্বে জয়েন্ট ক্লিপ সারানো দরকার। পূর্তদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন, পূর্তদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। উড়ালপুলটি শহরের লাইফ লাইন। যানবাহন চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে বলা হয়েছে। আমাদের দ্রুত কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়েছে। জেলা পূর্তদপ্তরের আধিকারিক মৃত্যুঞ্জয় পাল বলেন, উড়ালপুল জয়েন্ট ক্লিপ সারানোর কাজে অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। খুব দ্রুত সংস্কারের কাজ শুরু হবে। ঝাড়গ্ৰাম জেলার বিজেপি সভাপতি তুফান মাহাত বলেন, উড়ালপুলটি তৈরি হওয়ার পর আর দেখভাল করা হয়নি। এখন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। উড়ালপুলের নীচের রাস্তাও সংস্কারের অভাবে বেহাল। সবকিছুতে প্রশাসন চোখ বুজে আছে।



