সংবাদদাতা, লালবাগ: জাঁকিয়ে শীত পড়তেই মুর্শিদাবাদ থানার ঐতিহাসিক মোতিঝিলে পরিযায়ী পাখিরা ভিড় জমিয়েছে। শীতকালীন অতিথিদের দেখতে দিনভর মোতিঝিলের পাড়ে স্থানীয় ও আশপাশের বাসিন্দারা ভিড় করছেন। তার মধ্যে রয়েছে ছোটরাও। তবে পরিযায়ী পাখি আসতেই চোরাশিকারিদের আনাগোনা বাড়ছে। তাদের হাত থেকে পাখিদের রক্ষা করতে এলাকার মানুষ নজরদারি শুরু করেছেন। অপরিচিত বা সন্দেহজনক কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন।
Advertisement
মুর্শিদাবাদ শহরের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নবাবি স্থাপত্যের অন্যতম নিদর্শন মোতিঝিল মসজিদ। তার পাশেই রয়েছে প্রায় ৬৫০বিঘা জায়গাজুড়ে অশ্বক্ষুরাকৃতি ঝিল। নবাব আলিবর্দি খাঁর জামাই নওয়াজেস খাঁ এই ঝিল খনন করান। শোনা যায়, নবাবি আমলে এখানে ‘মোতি’ অর্থাৎ মুক্তো চাষ হতো বলে এটি মোতিঝিল নামে পরিচিত হয়। নবাবি শাসনের অবসানের পর বহুদিন ধরে ঝিলটি পরিচর্যাহীন ছিল। সংস্কারের অভাবে ঝিলটির খারাপ দশা হওয়ায় শীতের পরিযায়ী পাখিরা এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। রাজ্যে তৃণমূল সরকারের উদ্যোগে এই ঝিল লাগোয়া জমিতে ‘প্রকৃতিতীর্থ’ উদ্যান গড়ে উঠেছে। ঝিলটি সংস্কারও করা হয়েছে। অনুকূল পরিবেশ ফিরে পেয়ে কয়েকবছর ধরে শীতের মরশুমে পরিযায়ী পাখির দল ঝিলে আসছে। এবছর খানিকটা আগেই পরিযায়ী পাখির দেখা মিলেছে। তারা কখনও ঝিলের জলে, আবার কখনও পাড়ে রোদে বসে থাকছে। বালিহাঁস, শামুকখোল, জাকানা প্রভৃতি পাখি এখানে এসেছে।
এলাকার বাসিন্দারা বলেন, ছ’-সাত বছর ধরে শীতের শুরুতেই দলে দলে পাখি আসছে। কচিকাঁচারা সকাল থেকেই পাখি দেখতে ঝিলের পাড়ে ভিড় জমাচ্ছে। আর সেজন্য পাখি শিকারিরাও সক্রিয় হয়ে উঠেছে। তাদের হাত থেকে পরিযায়ী পাখিদের রক্ষা করতে স্থানীয়রা নজরদারি শুরু করেছেন। এলাকার যুবক মিলন মণ্ডল বলেন, অনেক দূর থেকে দলে দলে পাখি দু’মাসের অতিথি হয়ে এখানে আসে। তাই এই পাখিদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। মোতিঝিল পার্কের কর্মী সিরাজুল শেখ বলেন, শীতে পরিযায়ী পাখির উপস্থিতি মোতিঝিলের সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করে।