Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে বহু ধান, খড়ের পালুইয়ে আগুন

মুরারইয়ে বহু ধান, খড়ের পালুইয়ে আগুন
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শুক্রবার গভীর রাতে মুরারইয়ের গোপালপুর গ্রামে একাধিক ধান ও খড়ের পালুইয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাত দেড়টা নাগাদ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। যদিও ১০বিঘা জমির ধান ও খড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের রাজবংশীপাড়ার পুকুরের ধারে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। ওই পাড়ার কয়েকজন চাষি পালুই করে রেখেছিলেন। নিখিল রাজবংশী, নিরঞ্জন রাজবংশী ও ধন্দন রাজবংশীরা প্রায় ১০ বিঘা জমির খড় রেখেছিলেন। পাড়ার অন্যান্যরাও একাধিক ধানের ও খড়ের পালুই করেছিলেন। শুক্রবার রাত দেড়টা নাগাদ গ্রামের পোলট্রি ফার্মের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি পালুইগুলিয়ে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পাড়ার বাসিন্দারা বেরিয়ে এসে পুকুর থেকে বালতিতে করে জল তুলে নেভানোর কাজে হাত লাগান। ততক্ষণে ধান ও খড় মিলিয়ে প্রায় ন’টি পালুই পুড়ে ছাই হয়ে গিয়েছে।  ক্ষতিগ্রস্তরা জানান, আক্রোশবশত রাতের অন্ধকারে কেউ এই আগুন লাগিয়েছে। প্রচুর টাকার ক্ষতি হয়ে গেল। ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের বাসিন্দা আনন্দ রবিদাস বলেন, ওই এলাকায় বেশ কয়েকটি খড় ও টিনের চালার বাড়ি রয়েছে। সময়মতো আগুন দেখতে না পেলে ওই বাড়িগুলিতে আগুনে গেলে যেত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ