নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের গঙ্গার ধার সাজানোর পাশাপাশি সেখানে বাণিজ্যিক প্রকল্প করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ দুটি নামী রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে ‘মউ’ সই করেছে। মুম্বইয়ে যে ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’ সম্মেলন চলছে, সেখানে বুধবার এই চুক্তি হয়েছে। এসএমপি সূত্রে জানা গিয়েছে, মধ্য কলকাতায় অবস্থিত আর্মেনিয়ান ঘাটে একটি বড়ো মাপের প্রকল্প হবে। অন্য বড়ো প্রকল্পটি হবে খিদিরপুর বন্দর লাগোয়া একটি জায়গায়। সেখানে ইতিমধ্যে গঙ্গার তীরে সৌন্দর্যায়নেরও কিছু কাজ হয়েছে এবং একটি অভিজাত রেস্তোরাঁ চালু হয়েছে। সেখানে বাকি জমিতে নতুন প্রকল্প হবে। মেরিটাইম সম্মেলনে অনেকগুলি মউ সই করেছে এসএমপি কর্তৃপক্ষ। এই প্রকল্পগুলির আর্থিক মূল্য ৪৮ হাজার কোটি টাকার বেশি বলে জানা গিয়েছে। এসএমপি সূত্রের খবর, হাওড়ার দিকে গঙ্গার ধারে ‘লন্ডন হুইল’ এর আদলে একটি প্রকল্প তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে মুম্বইয়ে এই প্রকল্পটি নিয়ে কোনও মউ সই হচ্ছে না।



