সংবাদদাতা, বিষ্ণুপুর: রবিবার জয়পুরে হিজলডিহা শ্রীরামকৃষ্ণ আশ্রম ও বিবেকানন্দ সেবা সমিতির আয়োজনে মাতৃ সম্মেলন হয়। জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে ওই সম্মেলনে সভাপতিত্ব করেন সিহড় সারদা মঠের অধ্যক্ষা অখিলাপ্রাণা মাতাজি। সেখানে দক্ষিণেশ্বরের ‘নিবোধত’ পত্রিকার সম্পাদিকা আপ্তকামপ্রাণা মাতাজি, অধ্যাপিকা তথা বিশিষ্ট লেখিকা পিয়াসী সেন বাগচী ও বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতশিল্পী জগন্নাথ দাশগুপ্ত উপস্থিত ছিলেন।
হিজলডিহা আশ্রমের সম্পাদক বিকাশ পালধি বলেন, ভারতবর্ষের মানুষের নানা সমস্যা-জর্জরিত, দ্বিধাগ্রস্ত প্রাণে চৈতন্যপূর্ণ শক্তির সঞ্চার ঘটাতে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে মাতৃশক্তির বিশেষ ভূমিকা ছিল। তাই আমরা শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত ও বিভিন্ন আশ্রমের সহযোগিতায় ‘শ্রীমা প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি’ ও ‘শ্রীমা ও শ্রীরামকৃষ্ণ ভাবধারার মহীয়সী নারীগণ’ শীর্ষক এই মাতৃ সম্মেলনের আয়োজন করেছি। এদিন ভাস্করানন্দ মঞ্চে এই আলোচনা শুনতে বহু ভক্তের সমাগম হয়।
এদিন দুপুর ২টোয় প্রদীপ জ্বালিয়ে সম্মেলন শুরু হয়। স্বাগত ভাষণ দেন বিকাশবাবু। তারপর শ্রীশ্রী সারদা মায়ের জীবনী বিষয়ে আলোচনা হয়। পরে ‘শ্রীমা প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি’ বিষয়ে আলোচনা করেন নিবোধত পত্রিকার সম্পাদিকা প্রব্রাজিকা আপ্তকামপ্রাণা মাতাজি। ‘শ্রীমা ও রামকৃষ্ণ ভাবধারার মহীয়সী নারীগণ’ শীর্ষক আলোচনা করেন অধ্যাপিকা ও লেখিকা পিয়াসী সেন বাগচী। প্রব্রাজিকা অখিলাপ্রাণা মাতাজি শ্রীশ্রী সারদা মায়ের জীবন ও আদর্শ নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন