পুত্রের অভিযোগে মায়ের জেল, ১৩ বছর পর সন্তানদের সঙ্গে পুনর্মিলন
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কেরল: দীর্ঘদিন ধরে পলাতক এক অভিযুক্তের খোঁজে পুলিশের অভিযান। আর সেই সূত্রেই ১৩ বছর পর দুই সন্তানের সঙ্গে পুনর্মিলন হল মায়ের।  ঘটনার কেন্দ্রে কাসারগোড় জেলার চিমেনি এলাকার এক পরিবার। চারজনের সংসার। স্বামী-স্ত্রী ও দুই ছেলে-মেয়ে। পুলিশ জানিয়েছে, ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্কে অবনতি হয়। ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। কোনো অশান্তির দিনে ১২ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে চিত্তারিক্কল থানায় যান মহিলার স্বামী। সেখানে মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করে ওই নাবালক ছেলে। জুভেনাইল জাস্টিস আইনে মামলা রুজু করে মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান মহিলা। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। রাজ্যের বিভিন্ন জায়গায় লুকিয়ে কাটিয়েছে ১৩ বছর। এতদিন মহিলার খোঁজও জারি রেখেছিল পুলিশ। সম্প্রতি তিরুবল্লার একটি বাড়ি থেকে তাঁর সন্ধান মেলে। তবে আদালতে পেশ করার পর মামলায় নতুন মোড় আসে। সেখানে মায়ের সঙ্গে দেখা করতে হাজির হন দুই সন্তান। যে একসময় মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, সেই ছেলে আদালতে জানায়, আর মামলাটি এগিয়ে নিয়ে যেতে চায় না সে। এই মর্মে হলফনামাও জমা দেয়। বিষয়টি বিবেচনা করে মহিলাকে জামিন দেয় আদালত। মুক্তির পর দুই সন্তানের সঙ্গে দু’দিন কাটান ওই মহিলা।

Advertisement