সংবাদদাতা, বারুইপুর: নিজের দুই বছরের ছেলেকে গলা টিপে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মৃত শিশুটির নাম রক্তিম হালদার। সোমবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানার উত্তর দুর্গাপুরে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত মা কেতকী হালদারকে রাতেই গ্রেপ্তার করেছে মথুরাপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, খুনের পরে তথ্য লোপাট করতে ছেলের দেহ পুকুরে ফেলে দিতে চেয়েছিলেন মা। কী কারণে এই খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি, কেতকী অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ায় সম্ভবত এই খুন। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, আগের পক্ষের স্বামীর সঙ্গে নতুন করে বোঝাপড়া তৈরি হয়েছে তাঁর। তার পরিপ্রেক্ষিতেই দ্বিতীয় পক্ষের ছেলেকে খুন করেছে মা। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতকী হালদারের বাড়ি মথুরাপুরের বাঁশবেড়িয়ায়। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি প্রেম করে বিয়ে করেছিলেন উত্তর দুর্গাপুরের রমেশ হালদারকে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অভিযুক্ত কেতকী হালদারের প্রথম পক্ষের এক ছেলে রয়েছে। তার বয়স ১৩ বছর। সেই ছেলেকে পুজোর আগে তাঁর বর্তমান শ্বশুরবাড়িতে নিয়ে আসেন গৃহবধূ। পরিবারের সদস্যদের দাবি, সোমবার সন্ধ্যায় স্বামী রমেশ বাড়িতে ছিলেন না। সেই সময় দুই ছেলেকে নিয়ে ঘরেই ছিলেন কেতকী। তারপর বড়ো ছেলের সামনেই ছোটো ছেলেকে মারধর করেন। বড়ো ছেলে প্রতিবাদ করলে তাকে চুপ করিয়ে দেন মা। পরে সে চিৎকার করায় আমরা ঘটনার কথা জানতে পারি। কিন্তু মা কেন খুন করলেন নিজের ছেলেকে? রমেশের আত্মীয়া মিতা হালদার বলেন, কেতকীর চরিত্র ভালো ছিল না। তিনি হয়ত অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তার জেরেই এই খুন। পুলিশ তদন্তে জানতে পেরেছে, গৃহবধূ প্রথম পক্ষের স্বামীর সঙ্গে ফের বোঝাপড়া গড়ে তুলেছিলেন। সেকারণে প্রথম পক্ষের ছেলেকে নিজের কাছে নিয়ে এসে রেখেছিলেন। হয়ত দ্বিতীয় পক্ষকে ছেড়ে ফের প্রথম পক্ষের স্বামীর কাছে ফিরতে চেয়েছিলেন তিনি। সেকারণেই এই খুন। নাকি, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, তদন্তকারীরা অভিযুক্ত গৃহবধূর আত্মীয়দের জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছেন।



