Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীর সঙ্গে বিবাদের জেরে কোলের সন্তানকে খুনের দায়ে ধৃত মা

বিশেষ চাহিদা সম্পন্ন দু’বছরের ছেলেকে কচুরি পানার নিচে চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।

স্বামীর সঙ্গে বিবাদের জেরে কোলের সন্তানকে খুনের দায়ে ধৃত মা
  • ২৪ জুলাই, ২০২৫ ০০:০৭
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: বিশেষ চাহিদা সম্পন্ন দু’বছরের ছেলেকে কচুরিপানা চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। পারিবারিক অশান্তির জেরে ছেলের দায়িত্ব থেকে মুক্তি পেতে এমন অমানবিক কাণ্ড ঘটিয়েছেন ডালখোলা থানার ডুমুরিয়ার এক গৃহবধূ।  অভিযুক্ত মা জয়া মির্ধাকে গ্রেপ্তার করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ডুমুরিয়ার যুবক বিকাশ মির্ধার সঙ্গে বিহারের কিষাণগঞ্জের জয়ার বিয়ে হয়। বিকাশ একজন পরিযায়ী শ্রমিক। দু’বছর আগে তাঁদের পুত্রসন্তান হয়। তবে সে বিশেষ চাহিদা সম্পন্ন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জেরে জয়া বাবার বাড়িতে যান। সম্প্রতি ভিন রাজ্যে কাজ করতে ফিরে যান বিকাশ। মঙ্গলবার সকালে জয়া সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে এসেছিলেন। বাড়ি তালা বন্ধ থাকায় তিনি বাবার বাড়ি ফিরে যান। কিন্তু তাঁর কোলে সন্তান ছিল না। এনিয়ে জয়াকে তাঁর বাবা জিজ্ঞাসা করলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। 

ওইদিন সন্ধায় ডুমুরিয়ায় আসেন জয়া ও তাঁর বাবার বাড়ির লোক। নয়ানজুলি থেকে ছেলেকে উদ্ধার করে বাবার বাড়ি ফিরে যাওয়ার সময় স্থানীয়রা ধরে ফেলে। শিশুকে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বুধবার জয়াকে ইসলামপুর আদালতে তোলে পুলিস। ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ