Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি ভাতা পাচ্ছেন না মা-ছেলে, সাহায্যের আশ্বাস দিলেন বিডিও

স্বামী নিখোঁজ কয়েক বছর ধরে। বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেকে নিয়ে কোনওভাবে সংসার চলছে মিনুরানি সরকারের।

সরকারি ভাতা পাচ্ছেন না মা-ছেলে, সাহায্যের আশ্বাস দিলেন বিডিও
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: স্বামী নিখোঁজ কয়েক বছর ধরে। বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেকে নিয়ে কোনওভাবে সংসার চলছে মিনুরানি সরকারের। রেশনের চাল-আটাই সম্বল। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও মিলছে না। ছেলেও পান না মানবিক ভাতা। সরকারি সুবিধাগুলি দ্রুত যাতে পান, সেটাই চাইছেন মিনুরানি। তাঁকে ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু।  

Advertisement

ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের কন্যাবাড়ির বাসিন্দা মিনুরানি। তাঁর ছেলে গোবিন্দ সরকার জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন। কথা বলতে, স্থির হয়ে দাঁড়াতে পারেন না। মিনুরানি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তোলার জন্য একাধিকবার জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছি। কিন্তু সাহায্য পাইনি। ভোটের কার্ড নেই। কয়েকবার আবেদন করেছি। কিন্তু ছেলেকে একা ছেড়ে হেয়ারিংয়ে যেতে পারিনি। তবে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের বই আছে। তারপরেও সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত।
বিষয়টি নিয়ে ময়নাগুড়ির বিডিও বলেন, আধার কার্ড করার বেশকিছু প্রক্রিয়া রয়েছে। আমরা দেখছি কীভাবে ওঁর ছেলের আধার কার্ড করে দেওয়া যায়। কী কী সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন, তা দেখা হবে। 
আমগুড়ি পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় বলেন, জনপ্রতিনিধিরা সহযোগিতা করেননি, এটা ঠিক নয়। দুয়ারে সরকারে আবেদন করলে নিশ্চয়ই প্রকল্পগুলির সুবিধা পেতেন। তবে, আমরা তাঁকে সবরকম সহযোগিতা করব। আধার কার্ড ও ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যায়। কেন তিনি পাননি, দেখব।

Advertisement
সম্পর্কিত সংবাদ