সংবাদদাতা, উলুবেড়িয়া: মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিল মা। কিছুক্ষণের মধ্যেই গৃহস্থের ফাঁকা বাড়ি থেকে সোনার অলঙ্কার, নগদ টাকা চুরি করে পালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাগনান থানার এন ডি ব্লকে। বাড়ির মালিকের দাবি, চুরি যাওয়া জিনসপত্রের মূল্যে লক্ষাধিক টাকা। বাগনান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এনডি ব্লকের বাসিন্দা মহুয়া দলুই মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য সকাল পৌনে ১০টা নাগাদ বাড়ি থেকে বের হন। গৃহকর্তা পেশায় ঠিকাদার মিঠুন দলুই কাজে বাইরে ছিলেন। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে আলমারি খুলে ভিতরে থাকা সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরি করে চম্পট দেয়। পরে গৃহবধূ বাড়ি ফিরলে চুরির বিষয়টি তার নজরে আসে। মহুয়া বলেন, এদিন সকাল পৌনে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে চিকিৎসকের কাছে যাই। সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরে দেখি দুটি দরজার তালা ভাঙা। ঘরের ভিতর আলমারি খোলা। জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তিনি দাবি করেন, দুষ্কৃতীরা আমার সোনার অলঙ্কার, মেয়ের অন্নপ্রাশনে পাওয়া বেশ ক’টি সোনার আংটি এবং একটি দামি মোবাইল নিয়ে পালিয়েছে। তিনি বলেন, আমি বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ১২ বছর এনডি ব্লকে থাকলেও এই ধরনের ঘটনা এই প্রথম বলে দাবি মহুয়ার। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, তদন্ত শুরু হয়েছে।