Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজবাড়ির ঠাকুরদালানে সোনার গয়নায় সজ্জিত মা, জয়নগরে রাজরানির বেশে

জগদ্ধাত্রী পুজোকে ঘিরে বারুইপুর ও জয়নগরে এখন তুমুল উন্মাদনা। নতুনপাড়ায় নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো এবার বারুইপুরের অন্যতম আকর্ষণ

রাজবাড়ির ঠাকুরদালানে সোনার গয়নায় সজ্জিত মা, জয়নগরে রাজরানির বেশে
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: জগদ্ধাত্রী পুজোকে ঘিরে বারুইপুর ও জয়নগরে এখন তুমুল উন্মাদনা। নতুনপাড়ায় নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো এবার বারুইপুরের অন্যতম আকর্ষণ। এবার এই পুজো চতুর্থ বছরে পড়েছে। একেবারে রাজবাড়ির ঠাকুর দালানের আদলে নির্মিত হয়েছে মণ্ডপ। মণ্ডপের ভিতরে চারদিকে ঝুলছে ঝাড়বাতি। প্রবেশপথে সিংহ মূর্তি যেমন রয়েছে, তেমনই রয়েছে হনুমানের মূর্তি। এখানে সনাতন রুদ্র পালের হাতে গড়া মা জগদ্ধাত্রী। পুজোর বাড়তি আকর্ষণ পুকুরের ধারে আট মিনিটের লেজার শোর মাধ্যমে মা জগদ্ধাত্রীর সৃষ্টির ইতিহাস। পুজো কমিটির কর্তা সজল মিত্র বলেন, প্রায় ১০ ভরি সোনার গয়নায় সাজছে মা জগদ্ধাত্রী। সপ্তমী থেকে নবমী মায়ের ভোগ খাওয়ানো হবে মানুষজনকে। মণ্ডপে প্রতিদিন ঢাকিরা বোল তুলবেন। এই পুজোকে ঘিরে নতুনপাড়ার মোড় থেকে বারুইপুর উড়ালপুল পর্যন্ত রাস্তা চন্দননগরের আলোকসজ্জায় ভরিয়ে দেওয়া হয়েছে। রবিবার পুজোর উদ্বোধনে সিনেমার একাধিক তারকা হাজির ছিলেন। অন্যদিকে, বারুইপুরের সাহাপাড়া নবরূপা উৎসব সংঘের জগদ্ধাত্রী পুজো এবার ২৬ বছরে পড়েছে। এছাড়া বারুইপুরের চম্পাহাটি ঘোষপুর শক্তি সংঘের জগদ্ধাত্রী পুজোর এটি ৪৭ বছর। এই উপলক্ষে বস্ত্রদান, শিক্ষামূলক সামগ্রী প্রদান করেন পুজো কমিটির কর্তারা। আতশবাজি প্রতিযোগিতাও ছিল। অন্যদিকে, জয়নগরের সরবেড়িয়া সাহাপাড়া গ্রামবাসীদের জগদ্ধাত্রী পুজো এবার ২৬ বছরে পড়েছে। এখানে মা জগদ্ধাত্রী রাজরানিমার বেশে। প্রতিমা শিল্পী মথুরাপুরের প্রসূন মিদ্দে। এই পুজোয় আলাদাভাবে নজর কাড়ে রাস্তার দু’ধারে চন্দননগরের আলোকসজ্জা। পুজোকে ঘিরে মেলা বসে যায় এলাকায়।- নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ