নাগপুর: ভারতে গরিবের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি। তাঁর মতে, দেশের বেশিরভাগ সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হাতেই থাকার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। এর জন্য সম্পদের সঠিক বণ্টনের উপর জোর দিয়েছেন গাদকারি। শনিবার নাগপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘দেশে গরিব মানুষের সংখ্যা বাড়ছে। আর কিছু ধনী মানুষের হাতে সব সম্পদ জমা হচ্ছে। এটা হওয়া উচিত নয়। এর মোকাবিলার জন্য আমরা আরও বেশি চাকরি সৃষ্টি ও অর্থনীতির উন্নয়নের দিকে নজর দিয়েছি। এছাড়া সম্পদ সকলের মধ্যে বণ্টন করাও জরুরি।’ উদার অর্থনীতির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও এবং মনমোহন সিংয়ের প্রশংসা শোনা গিয়েছে বিজেপির এই শীর্ষ নেতার মুখে।



