জেরুজালেম: পশ্চিম এশিয়ায় সংঘর্ষ বন্ধের জন্য সম্প্রতি প্রাথমিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান ও আমেরিকা। এই চুক্তি নিয়ে তাদের অসন্তোষের কথা গোপন করেনি ইজরায়েল। ইজরায়েল আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে সংঘর্ষে নেমেছিল। এখন আমেরিকা ও ইরানের সমঝোতা নিয়ে দেশে বিভিন্ন মহলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। ইজরায়েলের বেশিরভাগ জনতাই ইরানের বিরুদ্ধে সামরিক লক্ষ্য পূরণ নিয়ে নেতানিয়াহুর দাবি মানতে নারাজ। এমনই ইঙ্গিত মিলল একটি সমীক্ষা। আগম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে ১৭ থেকে ২০ জুনের মধ্যে এই সমীক্ষা চালিয়েছিল জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়। সমীক্ষায় অংশগ্রহণকারী ৩,৬৪৪ জন ইজরায়েলির বেশিরভাগই মনে করছেন, যুদ্ধে জয়ী হয়েছে ইরানই।
সমীক্ষা রিপোর্ট অনুসারে, ৯২.১ শতাংশ অংশগ্রহণকারী মনে করছেন সংঘাতের পর ইরানই তুলনায় বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ৮২.৯ শতাংশ ইজারায়েলি এই যুদ্ধে দেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা দুর্বল হয়েছে বলে মনে করছেন। শুধু বিরোধী পক্ষের সমর্থকরাই নন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডানপন্থী ভোটারদের মধ্যেও ৯৩.১ শতাংশ এক মত পোষণ করেছেন। অন্যদিকে, আমেরিকা-ইরান চুক্তির বিরোধিতা করেছেন ৬৩.২ শতাংশ অংশগ্রহণকারী। মাত্র ১২.১ শতাংশ চুক্তিকে সমর্থন করেছেন। একই সঙ্গে, ৭২.৫ শতাংশ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক সাফল্য নিয়ে নেতানিয়াহুর দাবিতে তাঁদের আস্থা নেই। এছাড়া প্রায় ৫৬.৪ শতাংশ মানুষ নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনাকে ব্যর্থ বা দুর্বল বলে মনে করেছেন। যদিও হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযানের পাশেই দাঁড়িয়েছেন বেশিরভাগ ইজরায়েলি।