ইসলামাবাদ: শুক্রবার নামাজের সময় বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সেখানকার কোহাট জেলার ওল্ড পুলিশ লাইনের কাছে একটি মসজিদে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি। বিকট শব্দে মুহূর্তে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। কেউ রক্তাক্ত অবস্থায় ছিন্নভিন্ন হয়ে পড়ে। কেউ আবার দিশাহারা হয়ে প্রিয়জনকে খুঁজতে ব্যস্ত। ঘটনায় এপর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ পুলিশকর্মী। জখম প্রায় ৭৮ জন। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা যায়। জানা গিয়েছে, একদল সশস্ত্র জঙ্গি গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। এরইমাঝে হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান নামে একটি জঙ্গি সংগঠন।



