Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বার্নিশে ঝড়ে ৫০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত, গাছ পড়ে জখম বৃদ্ধা

বার্নিশে ঝড়ে ৫০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত, গাছ পড়ে জখম বৃদ্ধা
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বুধবার রাতে কিছুক্ষণের ঝড়ে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ঘরের উপর গাছ পড়ে আহত হয়েছেন এক বৃদ্ধা। ওই মহিলাকে ঘরের জানালা ভেঙে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়া বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ। সকালে পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীত রায়, পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ দেবনাথ সহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। পঞ্চায়েত অফিস সূত্রে জানা গিয়েছে, ৫০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের ত্রিপল বিতরণ করা হয়েছে। 

Advertisement

২০২৩ সালে বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকা। বুধবার রাত ১টা নাগাদ ফের প্রবল ঝড় বয়ে যায় বার্নিশ গ্রাম পঞ্চায়েতের ছ’টি সংসদের উপর দিয়ে। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়ে। টিনের চাল উড়ে যায়। বৃদ্ধা পাখিরানি মল্লিক রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। ঘরের উপর ভেঙে পড়ে একটি বড় গাছ। ঘরেই আটকে পড়েন বৃদ্ধা ও তার নাতি। মাথা ফেটে যায় পাখিরানির। তাঁর ছেলে মৃণাল মল্লিক মায়ের ঘরের জানালা ভেঙে মা ও ছেলেকে উদ্ধার করেন। হাসপাতাল নিয়ে যান। এদিন বৃদ্ধার সিটিস্ক্যান করানো হয়। 
এদিকে, ঝড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান নিত্যানন্দ দাস নামে এক ব্যক্তি। একটি সুপারি গাছ তাঁর ঘরের টিন দুমড়েমুচড়ে বিছানার উপর এসে পড়ে। বরাতজোরে প্রাণে রক্ষা পান তিনি। অলোক সরকারের বাড়িতেও ভেঙে পড়ে গাছ। ক্ষতি হয় তাঁর টিনের বাড়ি। 
পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ দেবনাথ, উপ প্রধান সঞ্জিত রায় বলেন, দু’বছর আগের স্মৃতি ভেসে উঠল। ভোর থেকেই গ্রামের বুথগুলিতে গিয়ে খোঁজ নিয়েছি। বিকেল পর্যন্ত ৫০টির উপর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে। প্রতিটি এলাকায় আমরা যাচ্ছি। ব্লক প্রশাসনের টিমও রয়েছে। গাছ কাটা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ত্রিপল দেওয়া হচ্ছে। একজন আহত হয়েছেন। 
জখম বৃদ্ধার ছেলে মৃণাল মল্লিক বলেন, বড় দুর্ঘটনার হাত থেকে মা রক্ষা পেয়েছেন। ছেলেও রক্ষা পেয়েছে। জানালা ভেঙে ওদের উদ্ধার করেছি। 
 বাড়ির উপর ভেঙে পড়েছে গাছ। বার্নিশে তোলা নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ