Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রথযাত্রার দিন বেশি বৃষ্টির সম্ভাবনা,  বর্ষণ ঘাটতি কাটিয়ে উঠছে বাংলা

রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। বিস্তারিত পড়ুন।

রথযাত্রার দিন বেশি বৃষ্টির সম্ভাবনা,  বর্ষণ ঘাটতি কাটিয়ে উঠছে বাংলা
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বুধবারের মধ্যে বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হবে। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল বৃহস্পতিবার রথযাত্রার দিন ও তার পরদিন  বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী  থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এজন্য দেওয়া হয়েছে ‘কমলা’ সতর্কতা। ওইদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার জন্য থাকছে ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা। 
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ক্ষেত্রে। আজ বুধবার দু‌ই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সাধারণভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে হবে বজ্রপাত এবং কিছু জায়গায় বইবে জোরালো হাওয়া। তাই উত্তাল হতে পারে সমুদ্র। আজ থেকে শনিবার পর্যন্ত মৎস‌জীবীদের জন্য রয়েছে সমুদ্রে না-যাওয়ার পরামর্শ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গের ওই এলাকায় বৃষ্টিপাত আরও বাড়বে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে পানাগড় ও দীঘায় সবথেকে বেশি ৯০ মিমি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে—ক্যানিংয়ে ৭০ মিমি, আমতায় ৬০ মিমি, কলকাতায় ৫০ মিমি। এদিন কমবেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সুবাদে ঘাটতি বৃষ্টির তালিকা ক্রমেই ছোটো হচ্ছে।

Advertisement

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ