Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বারাবনিতে গাড়ির ভিতরে চটের থলেতে থরে থরে টাকা, গ্রেপ্তার ভিনরাজ্যের ৩

বিধানসভা নির্বাচন দুয়ারে। তার আগে বারাবনিতে একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা।

বারাবনিতে গাড়ির ভিতরে চটের থলেতে থরে থরে টাকা, গ্রেপ্তার ভিনরাজ্যের ৩
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিধানসভা নির্বাচন দুয়ারে। তার আগে বারাবনিতে একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দামি ওই গাড়িটি ঝাড়খণ্ড থেকে অজয় নদ পেরিয়ে রুনাকুড়া ঘাট হয়ে বারাবনি থানা এলাকায় ঢুকেছিল। পুলিশের নাকা তল্লাশিতে গাড়িটি থেকে উদ্ধার হয় ১৯ লক্ষ ১৬ হাজার টাকা। গ্রেপ্তার হয়েছে বিহারের দুজন ও ঝাড়খণ্ডের একজন বাসিন্দা। পুলিশ তাদের দামি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ ঢাকা উদ্ধারের ঘটনায় বিহারের বাসিন্দারা গ্রেপ্তার হতেই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

Advertisement

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যাতে বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া রুনাকুড়া ঘাট এলাকায় নাকা চেকিং করছিল বারাবনি থানার পুলিশ। নাকা চেকিং দেখে দূর থেকেই বাংলা অভিমুখে আসা একটি গাড়ি থমকে দাঁড়ায়। সন্দেহ হতে গাড়িটিকে ঘিরে ধরে তল্লাশি শুরু হয়। তল্লাশিতে পুলিশ দেখতে পায়, গাড়িতে বসে থাকা যাত্রীদের পায়ের তলায় সাধারণ বাজার করার মতো একটি গেরুয়া রংয়ের চটের থলি। থলি খুলতেই বেরিয়ে আসে থরে থরে ৫০০ টাকার বান্ডিল। উদ্ধার হয় মোট ১৯ লক্ষ ১৬ হাজার টাকা। পুলিশি জিজ্ঞাসাবাদে গাড়ির তিন আরোহী টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেনি। পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করে। বারাবনির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং বলেন, প্রতি নির্বাচনের আগেই বিজেপি বাংলায় বিপুল পরিমাণ অবৈধ টাকা ঢোকায়। মানুষকে কেনার চেষ্টা করে। বিহারের দুই বাসিন্দা যেভাবে টাকা ঢোকানোর চেষ্টা করছিলেন, তাতে আমাদের সন্দেহ বিজেপি এই টাকা ঢোকাচ্ছিল।

বিজেপি জেলা সাধারণ সম্পাদক অরিজিৎ রায় বলেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অজয় নদে যে বালির সিন্ডিকেট চলছে, এটা তার টাকা। এদের ভাগ বাটোয়ারাতে কোনও গন্ডগোল হয়েছে নিশ্চয়ই। পুলিশ সেই টাকা ধরেছে। এখন বিজেপির নামে মিথ্যা দোষারোপ করা হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ