Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্যাস সিলিন্ডার পাইয়ে দেওয়ার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব!

গ্যাস সিলিন্ডার পাইয়ে দেওয়ার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব!
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: মহিলাদের গ্যাস সিলিন্ডার দেওয়ার নাম করে টাকা হাতিয়ে  নেওয়ার  চক্র সক্রিয়। নাম জড়িয়েছে ধূপগুড়ি সংলগ্ন  একটি গ্যাস এজেন্সির বিরুদ্ধে। মঙ্গলবার ধূপগুড়ির চৌরঙ্গী এলাকার উৎপল রায় নামে এক যুবককে আটক করে রাখেন এলাকার মহিলারা।

Advertisement

এই সংস্থা ধূপগুড়ির মহকুমায় বিভিন্ন এজেন্ট নিয়োগ করছে। বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের  উত্তর ঝুমুরপাড়া এলাকার মহিলাদের একটি সংস্থার তরফে গ্যাস দেওয়ার কথা বলে আধারকার্ড হাতিয়ে নেয় ওই এজেন্ট। এরপর আঙুলের ছাপ নেয়। পরবর্তীতে মহিলারা ব্যাঙ্কে গিয়ে লক্ষ্য করেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে ১ হাজার টাকা। এদিন এই গ্যাস সংস্থার এজেন্টকে ডেকে নিয়ে আসেন মহিলারা। তারপর তাকে আটকে রাখেন। পরবর্তীতে মুচলেকা দিয়ে টাকা ফেরত দিলে মহিলারা তাকে ছেড়ে দেয়। 
অভিযোগ, আগেও পার্শ্ববর্তী একটি গ্রামের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছিল এই সংস্থার এজেন্টরা। রহিতা বর্মন নামে এক মহিলা বলেন, ওই সংস্থার অধীন গ্যাস দেওয়া হবে বলে আমাদের কাছে আধার কার্ড চায়। পরবর্তীতে আঙুলের ছাপ নেওয়া হয়। তখন গিয়ে দেখি, আমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে এক হাজার টাকা। প্রমিলা রায় নামে আরএক জন বলেন, আমাদের এলাকায় প্রায় ১৫  মহিলাকে এভাবে প্রতারণা করেছে। এলাকাবাসী সুবল রায় বলেন, আমরা তাকে আটকে রাখি। পরবর্তীতে মুচলেখা দিলে ছেড়ে দেই। 
যদিও অভিযোগ অস্বীকার করেছে ওই গ্যাস এজেন্সি। অভিযুক্ত এজেন্ট উৎপল রায় বলেন, আমি ওই গ্যাস সংস্থার অধীনে কাজ করতাম। তাদের অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা গায়েব হয়েছে তা আমার জানা নেই। সংশ্লিষ্ট গ্যাস সংস্থার তরফে লাবু হোসেন দাবি করেন, উৎপল আমাদের এখানে কাজ করে না। ও এভাবে মানুষদের প্রতারণা করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ