Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সব্যসাচীর তোলার টাকা বদলে গিয়েছে ডলারে! তদন্তে জেনেছে ইডি

তোলাবাজির কালো টাকা সাদা করতে ভারতীয় মুদ্রা ডলারে বদলে ফেলতেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।

সব্যসাচীর তোলার টাকা বদলে গিয়েছে ডলারে! তদন্তে জেনেছে ইডি
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজির কালো টাকা সাদা করতে ভারতীয় মুদ্রা ডলারে বদলে ফেলতেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্তে নেমে চাঞ্চল্যকর এই তথ্য পেয়েছে ইডি। ইতিমধ্যেই ১৭,২০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। একইসঙ্গে ‘ফ্রিজ’ করা হয়েছে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত ১৪ কোটি টাকা। তোলাবাজির অভিযোগে বিধাননগর পুলিশ কমিশনারেট গত জুনে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে। তাঁর তরফে ৫০ কেজি সোনা ক্রয়ের নথি মিলেছে ইডির তদন্তে! এই ব্যাপারে খোঁজ পাওয়া গিয়েছে সব্যসাচীর এক বান্ধবীর। নদীয়ার করিমপুরে ওই মহিলার বাড়িতে হানা দিয়ে তিন কেজি সোনা উদ্ধার করেছে ইডি। এই বিপুল পরিমাণ আয়ের উৎস নিয়ে ইডি পৃথক তদন্ত শুরু করে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তারা। লেনদেন সংক্রান্ত বিপুল নথি উদ্ধার হয় সেখান থেকেই। সেসব থেকে জানা যায়, একাধিক হাওলা কারবারির মাধ্যমে ভারতীয় মুদ্রা ডলারে বদলে ফেলা হয়েছে। এটি উত্তর ২৪ পরগনা সীমান্তের একাধিক হাওলা কারবারির ‘কীর্তি’। চিহ্নিত হাওলা কারবারিদের জেরার জন্য ডাকা হচ্ছে। সব মিলিয়ে ১৭,২০০ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে সব্যসাচী এবং তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের দেড়শোর বেশি ব্যাংক অ্যাকাউন্টে মিলেছে ১৪ কোটি টাকার হদিশ। এই অর্থও ‘ফ্রিজ’ করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ