নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপ থেকে বিদায় নিয়েছে মোহন বাগান। ফিটনেস তলানিতে। ম্যাড়ম্যাড়ে ফুটবলে মাথাব্যথার জোগাড়। স্প্যানিশ কোচ হোসে মোলিনা কাঠগড়ায়। কামিংসদের হেডস্যার কি চাকরি খোয়াবেন? বিমানবিভ্রাট কাটিয়ে শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরলেন মোলিনা। আপাতত দিন দশেক বিশ্রাম। আগের জামানা হলে বলে দেওয়াই যেত কোচ ছাঁটাই নিশ্চিত। ব্যর্থতার জেরে অমল দত্তকেও মিষ্টির প্যাকেট ধরিয়ে গুডবাই জানানো হয়েছিল। কর্পোরেট আবহে ময়দানের সঙ্গে সরাসরি যোগাযোগ কম। তবে প্রবল চাপে থিঙ্কট্যাঙ্ক। মোলিনার ভবিষ্যতও আঁধারে। সোশ্যাল সাইটে ক্ষোভ উগরে দিচ্ছেন সমর্থকরা। এমনকী কোচ মোলিনাও বেসুরো। ডার্বির পর সাংবাদিক সম্মেলনে কার্যত বিস্ফোরক তিনি। বলেছেন, ফুটবলার রিক্রুটের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে মোহন বাগান সভাপতি দেবাশিস দত্তের মন্তব্য, ‘ব্যক্তিগত মত, দল নির্বাচনেই গলদ ছিল। ম্যানেজমেন্টের ঘাড়ে দায় চাপানো অর্থহীন।’ সূত্রের খবর, কোচের সঙ্গে ম্যানেজমেন্টের দূরত্ব বাড়ছে। বেগতিক বুঝলে পদত্যাগ করতে পারেন হাই-প্রোফাইল কোচ।



